শিক্ষামন্ত্রী ট্রান্সজেন্ডারের প্রকৃত অর্থ খুব ভালো করেই জানেন, কিন্তু তিনি জেনেও না জানার ভান করছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ দেশের মুসলমানরা কোনো অবস্থাতেই ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন করতে দেবে না।
শুক্রবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী ফয়জুল করীম শিক্ষামন্ত্রীর উদ্দেশে বলেন, ‘শিক্ষামন্ত্রী, ট্রান্সজেন্ডার কী আপনি জানেন না? আপনি তো অবশ্যই জানেন ট্রান্সজেন্ডার কী! অবশ্যই আপনি জানেন, কিন্তু না জানার ভান করছেন। বাংলাদেশের মুসলমানরা এই দেশে কোনো ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন করতে দিবে না। যদি সত্যি আপনার জানা না থাকে, তবে যারা এ বিষয়ে বিজ্ঞ তাদের সঙ্গে খোলামেলা বৈঠক করে বিষয়টি জেনে নিন।’
আইনশৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আপনি খুব চমৎকার কথা বলেন। আপনি সংবিধান সম্পর্কে ভালোই জানেন, জ্ঞানও আছে। কিন্তু আপনার মূল দায়িত্বটা পালন করার জ্ঞানও আপনার থাকা উচিত। দেশে কী পরিমাণ খুন, ধর্ষণ ও গুমের ঘটনা ঘটছে—তা কি আপনি তদারকি করছেন? আপনার আগে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত।’
দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরে চরমোনাই নায়েবে আমির বলেন, সমাজে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য আগের মতোই রয়ে গেছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে বারবার বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে। এমনকি জনগণ যতটুকু গ্যাস বা বিদ্যুৎ ব্যবহার করছে না, বিল আসছে তার চেয়েও বহুগুণ বেশি।