ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সমস্যার মূল কারণ অনুসন্ধান না করে শুধু দাম বাড়িয়ে সমাধানের চেষ্টা করছে সরকার। তার দাবি, দেশের অধিকাংশ সমস্যা অব্যবস্থাপনা, অদক্ষতা, সিন্ডিকেটবাজি ও চাঁদাবাজির কারণে সৃষ্টি হলেও সরকার সেসব বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিয়ে মূল্যবৃদ্ধির পথ বেছে নিচ্ছে।
তিনি বলেন, জনগণের পকেট কাটা বন্ধ করুন, অসাধু চক্রকে লালন না করে কঠোর ব্যবস্থা নিন।
মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কোনো পণ্যের দাম বাড়ানোর আগে সংশ্লিষ্ট খাতে বিদ্যমান অনিয়ম, অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের কার্যক্রম চিহ্নিত করা প্রয়োজন। কিন্তু সমস্যার গোড়ায় না গিয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করছে।
তিনি বলেন, অব্যবস্থাপনা, অদক্ষতা, সিন্ডিকেটবাজি ও চাঁদাবাজির মতো বিষয়গুলো নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে অনেক সমস্যারই সমাধান সম্ভব। এসব ক্ষেত্রে যথাযথ নজর না দিয়ে মূল্যবৃদ্ধির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা জনগণের দুর্ভোগ আরো বাড়াবে।
এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি বন্ধ এবং অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বলে উল্লেখ করেন দলটির মহাসচিব।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা নেছার উদ্দিন, শাহ ইফতেখার তারিক, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসাইন জাফরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এআরবি