হোম > রাজনীতি > ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানাল ইসলামী আন্দোলন

আমার দেশ অনলাইন

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐক্যমত্য হয়েছিল, তা থেকে সরে আসার অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা গাজী আতাউর রহমান।

গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রপতির পদ অলংকারিক হলেও জাতীয় সংকটে এবং জাতীয় নির্বাচনে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। রাষ্ট্রপতিই বাংলাদেশে সার্বজনীন ঐক্য ও আস্থার প্রতীক হিসেবে ভূমিকা রাখেন। বাংলাদেশে জাতীয় নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকট, তার অন্যতম কারণ দলীয় রাষ্ট্রপতি। সেই সংকট থেকে উত্তরণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনে রাষ্ট্রপতির নির্বাচন বিষয়ে বেশ কিছু নীতিতে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে বিএনপিরও নোট অব ডিসেন্ট ছিল না। আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই সনদের সেই ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়া নীতিকে মান্য করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তা যেহেতু হয়নি, তাই এই নির্বাচনে ভোট দেওয়াকে সমীচীন মনে করছি না।

তিনি বলেন, জুলাই সনদে ঐকমত্য প্রতিষ্ঠিত হওয়া বিষয়সমূহের মধ্যে রাষ্ট্রপতি শিরোনামে ধারা-১০ এ বর্ণিত হয়েছে যে, রাষ্ট্রপতি আইনসভার উভয়কক্ষের (উচ্চ ও নিম্নকক্ষ) সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হবেন। এই ধারায় বিএনপিও একমত হয়েছিল। ধারা-২৮ এ বর্ণিত হয়েছে যে, জাতীয় সংসদে দলের বিরুদ্ধে ভোটদান প্রসঙ্গে অর্থ বিল ও আস্থাভোট বাদে অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। এই বিষয়ে বিএনপিসহ সবাই একমত হয়েছে। কোন নোট অব ডিসেন্ট নেই।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদে ঐকমত্য হওয়া এই দুটি বিষয়ের কোনোটিই মান্য করা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এটা জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি ছাড়া আর কিছু নয়।

ইসলামী আন্দোলনের মহাসচিব প্রশ্ন রেখে বলেন, যে নীতি ও আইনে নির্বাচন হচ্ছে, তাকে কি আদৌও নির্বাচন বলা যায় বা এর কোনো প্রয়োজন কি আদতেই আছে? ৭০ অনুচ্ছেদ বহাল থাকায় কে রাষ্ট্রপতি হচ্ছেন, তা নিশ্চিত হয়েই আছে। তাহলে এসব নাটক মঞ্চস্থ করার কি অর্থ আছে?

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান যার নাম ঘোষণা করবেন, তাকেই বঙ্গভবনে নিয়ে চেয়ারে বসিয়ে দিলেই হতো। আক্ষরিক অর্থে এখানে নির্বাচন কমিশন, সংসদ সদস্য ও সংসদের কাজ কি? এগুলো জনগণের টাকা নষ্ট ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে হেয় করা ছাড়া আর কিছু নয়।

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রীর কথা অনুসারে জুলাই সনদকে অক্ষরে অক্ষরে মান্য করে জুলাই সনদ মোতাবেক রাষ্ট্রপতি নির্বাচন নতুনভাবে আয়োজন করার আহ্বান জানান গাজী আতাউর রহমান।

ছয় মাসে সরকারের ব্যর্থতার পাল্লাই ভারী: খেলাফত মজলিস

ধামইরহাটে বিয়ের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২

লামায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৪৫ ক্রীড়াবিদকে সংবর্ধনা

হরমুজ প্রণালিতে ব্ল্যাকমেইল বন্ধের আহ্বান কাতারের

জমি দখলের আশায় মাকে হত্যা করে মেয়ে: পিবিআই

পেস্টিসাইড ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ দেবে সরকার

ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

অবৈধ সম্পদ অর্জনের দায়ে বাবা-ছেলের কারাদণ্ড

সফলতা অর্জনে শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি কমাতে হবে

এবার মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন ককরোচ প্রধান