ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠনের পর উপদেষ্টা পরিষদ ও মজলিসে শুরায় নতুন সদস্য যুক্ত করা হয়েছে। সোমবার দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে মাওলানা ইমতিয়াজ আলম ও আল্লামা খালিদ সাইফুল্লাহকে দলের উপদেষ্টা পরিষদে সংযুক্ত করেন। একইসঙ্গে আতিকুর রহমান নান্নু মুন্সিকে মজলিশে শুরার সদস্য হিসেবে মনোনীত করেন তিনি।
দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাওলানা ইমতিয়াজ আলম নব্বই দশকের শুরুতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গঠনকালে এর গঠন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্র রাজনীতির ধারাবাহিকতায় তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহকারী মহাসচিব ও যুগ্মমহাসচিবের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন।
আল্লামা খালিদ সাইফুল্লাহ দেশের প্রথিতযশা আলেমেদ্বীন ও রাজনীতিবিদ। একাধিকবার নির্বাচিত নন্দিত জনপ্রতিনিধি ও হাফেজ্জি হুজুরের জামাতা।
এছাড়া আতিকুর রহমান নান্নু মুন্সি বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রবীণ নেতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীমের ঘনিষ্ট সহচর ছিলেন তিনি।
এর আগে গত ২৭ জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠিত হয়। বিশেষ শুরা অধিবেশনে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমকে আমির বহাল এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানকে মহাসচিব করে ৪৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ১১ সদস্যের প্রেসিডিয়াম ও ২৪ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।