দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা ও যুগোপযোগী সুযোগের অভাবের কারণে অনেক শিক্ষার্থী অল্প সময়ের মধ্যেই পড়াশোনা থেকে ঝরে পড়ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে পুরোনো ধাঁচের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে এবং নতুন, আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। উত্তরার সেক্টর-১২-এর শাহ মাখদুম অ্যাভিনিউয়ে লাভলীন কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য দৌড়াতে হয় না। আধুনিক প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার কারণে তারা ঘরে বসেও কাজ করার সুযোগ পাচ্ছে। অথচ সারা বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের শিক্ষাব্যবস্থা যথাযথভাবে এগোতে পারছে না।
তিনি বলেন, এককেন্দ্রিক চিন্তাভাবনার শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যা মানুষকে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করবে এবং দুনিয়া ও আখিরাত, উভয় জীবনের কল্যাণের বিষয়ে সচেতন করে তুলবে।
বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষার প্রসঙ্গ তুলে সেলিম উদ্দিন বলেন, বর্জ্য পুনর্ব্যবহার বা রিসাইক্লিংয়ের মাধ্যমে অনেক মূল্যবান পণ্য তৈরি করা সম্ভব। কিন্তু সদিচ্ছা ও কার্যকর উদ্যোগের অভাবে আমরা অনেক সম্ভাবনাকেই কাজে লাগাতে পারছি না।
তিনি বলেন, পরিবেশবান্ধব কলম তৈরি করে দেখানো হয়েছে যে, বর্জ্যকে শুধু অভিশাপ হিসেবে না দেখে সম্পদ ও সম্ভাবনা হিসেবে বিবেচনা করা সম্ভব। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও সদিচ্ছা থাকলে বর্জ্য থেকেও মূল্যবান সম্পদ তৈরি করা যায়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিলসহ ঢাকা মহানগর উত্তর শাখার দায়িত্বশীলসহ বিপুলসংখ্যক জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যকরী পরিষদের সদস্য ও ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি এস আই সাইম ও সঞ্চালনা করেন ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী আব্দুল্লাহ আল মায়াজ।