‘ঠুনকো ঘটনায়’ রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব ও জুলাই অভ্যুত্থানের সংগঠক এ এন এম (আল নূর মোহাম্মদ) আয়াসসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ দাবি জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ এ এন এম আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলা ও রিমান্ডে নেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঠুনকো অভিযোগে মামলা দিয়ে নাগরিকদের হয়রানি এবং জুলাইয়ের পক্ষের শক্তিকে ঘায়েল করার অপচেষ্টা চালানো হচ্ছে। সরকার ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা একটি অংশের মদদেই দেশব্যাপী এ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে হয়। তারা মূলত ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির উত্থানের পথ প্রশস্ত করতে তৎপর। তিনি অনতিবিলম্বে আয়াসের বিরুদ্ধে দায়ের করা অন্যায় মামলা প্রত্যাহার করে তাঁর দ্রুত মুক্তি দাবি করেন।
জামায়াতের এই নেতা আরও বলেন, সরকার জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ না করায় অভ্যুত্থানের পক্ষের শক্তিকে হেনস্তা, হয়রানি ও নির্যাতনের মাধ্যমে দমনের পথ বেছে নিয়েছে—যা আয়াসের ঘটনায় স্পষ্ট। আমরা সরকারকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আধিপত্যবাদবিরোধী শক্তিকে সম্মান প্রদর্শন, আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সহনশীল রাজনীতির মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে জুবায়ের উল্লেখ করেন, আয়াস সবসময় আগ্রাসনবিরোধী ভূমিকা পালন করে আসছেন, যা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের আকাঙ্খারই প্রতিচ্ছবি। অথচ তাঁর আধিপত্যবাদবিরোধী বক্তব্যকে অনভিপ্রেতভাবে ধর্মীয় বিদ্বেষের সঙ্গে মিলিয়ে তাঁকে ভিক্টিম বানানো হয়েছে—যা অত্যন্ত অসংগত। বিবৃতিতে তিনি অবিলম্বে আয়াসসহ গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁদের নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানান।