মগবাজারে জামায়াতের লিফলেট বিতরণ
রাজধানীর মগবাজার মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।
বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ঐতিহাসিক গণরায় দিয়েছে। তাই সরকারকে এ সনদের দাঁড়ি, কমা ও সেমিকোলনসহ শতভাগ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে গণরায় বাস্তবায়নে বাধ্য করা হবে।
‘অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসন’—এই দাবিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১১ দল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, এবি পার্টির থানা সভাপতি রিয়াজ উদ্দিন, কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নো’মান আহমেদী, হাতিরঝিল অঞ্চলের টিম সদস্য ইউসুফ আলী মোল্লা, হাতিরঝিল পূর্ব থানা আমির জিল্লুর রহমান এবং পশ্চিম থানার ভারপ্রাপ্ত আমির নূরুল ইসলাম আকন্দসহ অন্যান্য নেতারা।
সেলিম উদ্দিন বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র এক মাস। এত অল্প সময়ের মধ্যেই রাজপথে নামতে হবে—এটা তারা কল্পনাও করেননি। জনগণের প্রত্যাশা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পারস্পরিক আলোচনার মাধ্যমে দেশের সব সমস্যার ন্যায়সঙ্গত সমাধান এবং ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি অভিযোগ করেন, দেশের প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার সেই গণরায় বাস্তবায়ন না করে তা উপেক্ষা করছে। বরং ফ্যাসিবাদী মানসিকতায় গণরায় ছিনতাইয়ের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, আত্মসচেতন জনগণ সরকারের এ ধরনের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না; বরং ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
শেষে তিনি সরকারকে সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে ইতিবাচক ধারায় ফিরে আসার আহ্বান জানান।