পিরোজপুরে এক ব্যক্তির দাফন ঘিরে সংঘটিত সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তদন্ত করতে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিটির সদস্যরা হলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও নূরুল ইসলাম বুলবুল এমপি। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠক থেকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সঙ্গে দলের কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি। এ ব্যাপারে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।