হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনে সেগুলো সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
বুধবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। তাদের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের নেতারা ছিলেন। তারা নিজেদের বিভিন্ন সমস্যা, বৈষম্য, বঞ্চনা ও অসুবিধার কথা তুলে ধরে সহযোগিতা চান।
গোলাম পরওয়ার বলেন, বিরোধীদলীয় নেতা হিসেবে দেশের সব ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলা একটি সাংবিধানিক দায়িত্ব। জামায়াত আমির সেই দায়িত্ব পালনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ভবিষ্যতেও তাদের সঙ্গে মতবিনিময় করে সমস্যা ও দাবি-দাওয়া শোনার কথা জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান, পূজা ও মন্দিরের নিরাপত্তায় জামায়াতের নেতা-কর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন সভায় উপস্থিত নেতারা। আসন্ন দুর্গাপূজা সামনে রেখে মন্দির পরিদর্শনের জন্য জামায়াত নেতাদের আমন্ত্রণও জানিয়েছেন তারা।
মতবিনিময় সভায় উপস্থিত সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য জামায়াতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানোয় তারা সন্তুষ্ট। আগামী দিনে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সুব্রত চৌধুরী আরও বলেন, রাজনৈতিক নেতারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন। তবে মসজিদের খুতবায় মুসলিম নেতারা সম্প্রীতির আহ্বান জানালে বাংলাদেশে প্রকৃত অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা আরও সহজ হবে বলে তিনি মনে করেন।
সভায় বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধিরা তাদের সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। তাদের বক্তব্য শোনার পাশাপাশি ভবিষ্যতেও যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।