হোম > রাজনীতি > জামায়াত

জামায়াত আমিরের আজব সুপারিশ নিয়ে তোলপাড়

ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই : জামায়াত

কূটনৈতিক রিপোর্টার

নিজের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগের সুপারিশ করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমিরের আজব এ সুপারিশ নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। জামায়াতের তরফ থেকে চিঠি দেওয়ার বিষয়টি স্বীকার করা হলেও ‘মন্ত্রীর পদমর্যাদাসংক্রান্ত অংশটি’ আমিরের নির্দেশনায় ছিল না বলে দাবি করা হয়।

এছাড়া চিঠি পাঠানোর বিষয়টি তাদের নজরে আসার সঙ্গে সঙ্গে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাকে অব্যাহতি দিয়ে দলের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে নিয়োগ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বিরোধীদলীয় নেতার দপ্তর থেকে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো জামায়াত আমিরের চিঠিতে অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় তার মন্ত্রণালয়ে পদায়নের অনুরোধ করে বলা হয়, ওই পদায়নের মাধ্যমে বিরোধীদলীয়দের পররাষ্ট্রনীতিসমূহ সরকারের কাছে উপস্থাপন–পর্যালোচনা ও আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা করা যাবে।

চিঠিতে তাকে ‘বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা’ পদে পদায়নের সুপারিশ করা হয়। ওই পদায়নটি বাংলাদেশের সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নতুন ও অভিনব বলেও উল্লেখ করা হয়।

চিঠিতে বিরোধীদলীয় নেতা বলেন, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে কূটনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।

মূলধারার রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তার দক্ষতা ও পেশাদার নেটওয়ার্কের মাধ্যমে অধ্যাপক হাসান জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়নসহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ তথা রাষ্ট্রের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক বিচক্ষণতার সঙ্গে জোরদার করতে সক্ষম হয়েছেন। চিঠিতে ওই পদে পদায়নে আমিরের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে সুপারিশ করা হয়।

জামায়াতের ব্যাখ্যা

উপদেষ্টা পদে পদায়নের বিষয়টি ব্যাখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত ঘটনাটি প্রায় দুই সপ্তাহ আগের। সে সময়ে প্রফেসর ড. মাহমুদুল হাসান আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দেশের পররাষ্ট্র বিষয়ে জামায়াতে ইসলামীর কিছু অবস্থান স্পষ্ট করার স্বার্থে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠানোর বিষয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। কিন্তু তিনি আমিরের নির্দেশিত বিষয়াবলির বাইরে কিছু বিষয় যুক্ত করে চিঠিটি মন্ত্রণালয়ে পাঠান। বিশেষ করে চিঠিতে উল্লেখিত মন্ত্রীর পদমর্যাদাসংক্রান্ত অংশটি আমিরে জামায়াতের নির্দেশনায় ছিল না।

তিনি আরো বলেন, বিষয়টি দলের দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই আমির ডা. শফিকুর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। গত ২ মার্চ প্রফেসর ড. মাহমুদুল হাসানকে আনুষ্ঠানিকভাবে উক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেমকে (আরমান) বিরোধীদলীয় নেতার নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাসী। কোনো বিষয়ে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হলে আমরা তা দ্রুত সংশোধনের নীতিতে বিশ্বাস করি। আলোচ্য ঘটনার ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তাই আর ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। তিনি সংশ্লিষ্ট সবাইকে সঠিক তথ্য যথাযথভাবে উপস্থাপনের জন্য অনুরোধ জানান।

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ

চাঁদাবাজি বন্ধ করলে মানুষের ৩ ভাগের একভাগ শান্তি ফিরে আসবে

কবি আল মুজাহিদীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক

ইসলামী ব্যাংক নিয়ে সরকারকে সতর্ক করলেন শফিকুল ইসলাম মাসুদ

জুলাই ঐক্যে বিভাজন সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা

গণরায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলীয় ঐক্যের