বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি নিজ নির্বাচনি এলাকা পটুয়াখালী-২ (বাউফল) আসনের চন্দ্রদ্বীপ ইউনিয়নে শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী গণসংযোগ করেন। এসময় তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল অবস্থা, যোগাযোগব্যবস্থার দুর্ভোগ ও জনসাধারণের চলাচলের নানা সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয়দের কাছ থেকে সমস্যাগুলোর বিস্তারিত তথ্য নিয়ে এলাকার সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানে নিজের পরিকল্পনা তুলে ধরে তিনি চন্দ্রদ্বীপ ইউনিয়নকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
স্থানীয়রা ড. মাসুদ এমপিকে পাশে পেয়ে এবং নিজেদের বিভিন্ন সমস্যা সরাসরি এমপিকে জানাতে পেরে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। স্থানীয়রা জানান অতীতে তারা কোনো এমপিকে এভাবে কাছে পাননি। এমনকি ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বারকেও এভাবে জনগণের দুয়ারে দুয়ারে দেখা যায়নি।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের জন্য একটি ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অঙ্গীকার করে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, দ্বীপাঞ্চলের কোনো মানুষ অসুস্থ হলে যাতে দ্রুত নদীপথে হাসপাতালে পৌঁছাতে পারেন এবং জরুরি চিকিৎসাসেবা নিতে বিলম্ব না হয়, সেজন্য ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়ন বাউফল উপজেলার একটি দ্বীপাঞ্চল। এখানকার মানুষের জীবনযাত্রা ও যোগাযোগব্যবস্থা অনেক বেশি চ্যালেঞ্জিং। আল্লাহর রহমতে চন্দ্রদ্বীপের মানুষের প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধানে আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। এ জন্য আপনাদেরও সহযোগিতা ও ঐক্য প্রয়োজন।
যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাঠে সম্পৃক্ত করার লক্ষ্যে চন্দ্রদ্বীপ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের যুবকদের মাঝে ফুটবল উপহার দিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, “আমাদের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হলে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে হবে।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘব, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত রাখা—এসব উদ্যোগ স্থানীয়দের মাঝে নতুন আশাবাদ সৃষ্টি করেছে।