দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্যের একটি প্রতিনিধি দল।
সম্মেলনে যোগ দিতে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবীর নেতৃত্বে প্রতিনিধি দলটি সিউলে পৌঁছেছেন।
এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’। এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল এবারের অধিবেশনে অংশগ্রহণ করছে। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এশিয়ার রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য।
দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও পিপল পাওয়ার পার্টি যৌথভাবে সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনের আয়োজন করছে।