ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সাধারণ মানুষ সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা যথাযথভাবে পাচ্ছেন না। অর্থের অভাবে অনেক মানুষ বেসরকারি হাসপাতালেও উচ্চমূল্যের চিকিৎসা ও পরীক্ষা করাতে পারছেন না।
তিনি বলেন, ‘পয়সা দিলে সব ঠিক, পয়সা নাই তো চিকিৎসা পাবেন না’—এমন পরিস্থিতি থেকে মানুষকে বের করে আনতে হবে। চিকিৎসাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আরো বলেন, জামায়াতের পক্ষ থেকে সারা বছর বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়, যাতে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেতে পারেন।
তিনি বলেন, দায়িত্ব পেলে ঢাকা উত্তর সিটির হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিতকরণ এবং কম খরচে সরকারি চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালগুলোকে দ্রুত সার্জারি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাসেবার আওতায় আনার কথাও জানান তিনি।
সেলিম উদ্দিন বলেন, আমরা আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তুলতে চাই। চিকিৎসাক্ষেত্রে এমন পরিবর্তন আনতে চাই, যাতে উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশে যেতে না হয়।
তিনি বলেন, দেশের অর্থ যেন অপ্রয়োজনীয়ভাবে বিদেশে চলে না যায় এবং চিকিৎসার নামে অর্থপাচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
ঢাকা নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কর্মী-সমর্থক ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা শহরকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে। আগামী দিনে ঢাকা সিটির নেতৃত্বে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান। উদ্বোধন করেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।
এ সময় ড. মুহাম্মদ রেজাউল করিম ঢাকা উত্তর সিটির উন্নয়ন ও আধুনিক নগরায়নে মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বের বিকল্প নেই বলে মন্তব্য করেন। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে মিরপুর ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এমএমআর