বিএনপি সরকার আদালতকে ব্যবহার করে জুলাই জাতীয় সনদ ও সংস্কার বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলে এনসিপির সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি।
এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আজকে আদলতে যা হচ্ছে, সেই শঙ্কা আগে থেকেই ছিল। এটা স্পষ্ট যে, কারা এর পেছনে। গণঅভ্যুত্থানের আগেও জনগণকে আদালতের মুখোমুখি করা হয়েছে।
বিএনপি এর মাধ্যমে ডুয়েল গেম খেলছে অভিযোগ করে তিনি বলেন, তারা আদালতের মাধ্যমে সংস্কারকে বাধাগ্রস্ত করছে। এখানে সাপলুডু খেলার মতো উপরে উদারতা দেখালেও ভেতরে বাধা তৈরি করছে। সিলেক্টিভ সংস্কার নিয়ে সরকার আদালতে যাচ্ছে।
আসিফ মাহমুদ বলেন, এর মাধ্যমে বিএনপি নিজের সরকারের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে। এই রায় হলে এই সংসদও বাতিল হতে পারে। কারণ এই একই আদেশের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে বিএনপি সিলেক্টিভ সংস্কার করার মাধ্যমে ৭২’-এর সংবিধানকে রক্ষা করার লড়াই করছে।
জনগণের সরকার এই সংবিধানকে ছুঁড়ে ফেলবে— খালেদা জিয়ার সেই কথা সামনে এনে তিনি বলেন, কিন্তু তার সন্তান এই সংবিধানকে রক্ষা করছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, এখনো জনগণের সংস্কার প্রতিষ্ঠিত হয়নি।
এনসিপির সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটির উপ-প্রধান ও দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এরপর এগুলোকে নিয়ে প্রশ্ন তোলা, মীমাসিংত বিষয় নিয়ে আদালতে যাওয়া একটা ন্যক্কারজনক নজির হয়ে থাকল।
তিনি বলেন, জনগণ ও আদালতকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। জুলাই সনদ জনগণের অভিপ্রায় এর অভিব্যক্তি। সেখানে বিএনপিও সাইন করেছে। জনগণের অভিপ্রায় রক্ষা করা আদালতের কাজ। কিন্তু এই রিটের মাধ্যমে একটি রাজনৈতিক দল আদালত ও জনগণকে মুখোমুখি করছে।
সারোয়ার তুষার বলেন, আমরা বলেছিলাম গণভোট নির্বাচনের আগে হোক। বিএনপি বলেছিল নির্বাচনের দিন গণভোট হলে একই অর্থ বহন করে। আমরা বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছি। কিন্তু মীমাংসিত রাজনৈতিক বিষয়কে জলঘোলা করলে তাদের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হবে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে প্রশ্নবিদ্ধ করলে এই জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তাহলে ডেপুটি স্পিকার নিয়ে উদারতার প্রয়োজন নেই। আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা বিচার বিভাগকে বিতর্কিত করবেন না। এটাকে বাইপাস করতে চাইলে বিএনপি প্রশ্নবিদ্ধ হবে। আজকের কোর্টে শুনানি দেখে স্পষ্ট যে এই রিটের সঙ্গে বিএনপির সম্পর্ক আছে।
এনসিপির সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটির সদস্য ও দলটির যুগ্ম সদস্যসচিব জহিরুল হক মুসা, কমিটির সদস্য মনিরা শারমিন, সালেহ উদ্দিন সিফাত, ফরিদুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।