ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুদ করছে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই অস্ত্র নির্বাচনি সহিংসতায় ব্যবহার করা হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ দলীয় এ অবস্থান জানান।
তিনি বলেন, আমরা শঙ্কা প্রকাশ করছি। নির্বাচনকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুদ করছে। এটা ভায়োলেন্সের (সহিংসতার) জন্য ব্যবহার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা প্রকাশ্যে অস্ত্রের মহড়াও হতে দেখেছি। এটা আমাদের জন্য অ্যালার্মিং (আশঙ্কার)।’ নির্বাচন কমিশনের এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে জানান আসিফ। তিনি বলেন, অনেক প্রার্থী উঠান বৈঠকে ভোটারদের হুমকিও দিচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের তেমন কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।
বিএনপির ইশতেহারে জনগণের সঙ্গে প্রতারণা ফুটে উঠেছে বলে মন্তব্য করেন আসিফ। গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরেও জনগণের সঙ্গে প্রতারণা করছে। যেটি তাদের ইশতেহারে ফুটে উঠেছে।
বিএনপি আওয়ামী লীগের বিষয়ে অনেকটাই দুর্বল বলে উল্লেখ করেন এনসিপির মুখপাত্র। তিনি বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে রয়টার্সকে দেওয়া একটি দলের প্রধানের বক্তব্য নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তাদের আওয়ামী লীগের প্রতি বায়াস (পক্ষপাতিত্ব) দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ফেরার ব্যাপারে জুলাইয়ের পক্ষের মানুষ মেনে নেবে না। এদিন সংবাদ সম্মেলনে বিএনপি ক্ষমতায় আসলে বিগত ফ্যাসিবাদের বিচার হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন আসিফ। বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে অভিযোগ করে তিনি বলেন, এমন কিছু বাস্তবায়ন করার চেষ্টা করা হলে, সেটি রাজপথে মোকাবিলা করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম প্রমুখ।