জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদলের রাজনীতিবিষয়ক কার্যালয়ের প্রথম কাউন্সেলর কামিলা পার্টিকা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন— দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিকবিষয়ক যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক তাহসিন রিয়াজ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আরমান হোসেন এবং আন্তর্জাতিকবিষয়ক উপসম্পাদক আশরেফা খাতুন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি ও গণতান্ত্রিক অভিযাত্রা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।