অ্যাডভোকেট তারিকুল
জুলাই বিপ্লব থেকে দক্ষিণ এশিয়ার তরুণরা অনুপ্রাণিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
শনিবার দুপুরে কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশের জুলাই বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে নেপালে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। আজকে ভারতের তরুণরা ককরোজ জনতা পার্টি নামে একটি নতুন দল গঠন করে সবাই একত্রিত হচ্ছে। দেশটির প্রধান বিচারপতি ভারতের তরুণদের অলস ও তেলাপোকা বলে মন্তব্য করেছিলেন। একটা মন্তব্যের জেরে তরুণরা রাজনৈতিক দল খুলে হইচই ফেলে দিয়েছে। ঠিক যেমন জুলাইয়ে শেখ হাসিনার একটা মন্তব্যের কারণে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল। ভারতের মতো পরমাণু শক্তিধর দেশের তরুণরা আমাদের দেখে অনুপ্রাণিত হচ্ছেন।
পাশাপাশি বাংলাদেশ সরকারের প্রসঙ্গ টেনে তারিকুল ইসলাম বলেন,তরুণদের সরকার তরুণরা বুঝে গেছে বিএনপি সরকার না। জনগনের সরকার না। তাই যদি হতো, জনগনের সমস্যার কথা তারা বুঝতে পারত।
শহীদ ওসমান হাদী প্রসঙ্গে অ্যাডভোকেট তারিকুল বলেন, পশ্চিম বঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মন্তব্যে স্পষ্ট বোঝা যায় হাদী ভাইকে খুন করায় ভরতের হাত রয়েছে। আধিপত্যবাদী শক্তি বাংলাদেশ বিরোধীদের দিয়ে হাদি খাইকে খুন করিয়েছেন। সরকার চাইলে দ্রুত হাদি হত্যার বিচার করতে পারতেন। তরুণ প্রজন্ম বুঝে গেছে, এই সরকার শহীদ ওসমান হাদি হত্যার বিচার করবে না। যাতে বাংলাদেশে আর কোনো হাদি তৈরি না হয় এজন্যই হাদী ভাই হত্যার বিচার করছে না। এই প্রজন্ম যেন হাদী ভাইয়ের মতো সাহসী না হয় সেজন্যই ওসমান হাদী হত্যার বিচার হচ্ছে না।
সরকারের প্রতি আধিপত্যবিরোধী লড়াইয়ের নায়ক ওসমান হাদী হত্যার বিচারের দাবি জানান তারিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমই