হোম > রাজনীতি > এনসিপি

তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগ সংসদে

সংসদ রিপোর্টার

ছবি: সংগ্রহীত।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন। অতিরিক্ত ব্যয়ের এ প্রকল্প বাতিল করে দেশের স্বার্থ সংরক্ষণে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না, তা জানতে চান তিনি।

সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে এ বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন আখতার হোসেন।

জবাবে অর্থমন্ত্রী বলেন, আখতার হোসেনের প্রশ্নটি মূল প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়। এ বিষয়ে সংসদ সদস্য নোটিশ দিলে যথাযথ উত্তর দেওয়া হবে।

সম্পূরক প্রশ্নে আখতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এ সময় অর্থমন্ত্রী বলেন, অনুমোদন পাওয়া চীনা কোম্পানি সিএনই দৈনিক ক্যাপাসিটি চার্জ হিসেবে ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার প্রস্তাব করেছে। অথচ বর্তমানে দেশে থাকা দুটি এলএনজি টার্মিনালের একটির দৈনিক ক্যাপাসিটি চার্জ ২ লাখ ৫৪ হাজার এবং অন্যটির ২ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার।

তিনি বলেন, বর্তমানে চালু থাকা দুটি টার্মিনালের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট জাহাজসহ সম্পদ বাংলাদেশের মালিকানায় চলে আসবে। কিন্তু চীনা কোম্পানি সিএনইকে অতিরিক্ত মূল্যে যে টার্মিনাল নির্মাণের কাজ দেওয়া হচ্ছে, সেটির মালিকানা ১৫ বছর পরও বাংলাদেশের কাছে ফিরবে না।

অর্থমন্ত্রী আরো বলেন, চীনা কোম্পানিটি কয়েক মাস আগে যে প্রস্তাব জমা দিয়েছে, একই ভাষায় একজন সংসদ সদস্যের একটি কোম্পানিও এর আগে প্রস্তাব দিয়েছিল।

পরে আখতার হোসেন বলেন, এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ প্রস্তাব উঠলে তা বাতিল করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তুরস্ক সফরে থাকা অবস্থায় নতুন করে প্রস্তাবটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, নতুন টার্মিনাল নির্মাণে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় করা হচ্ছে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি অর্থ লোপাটের সুযোগ তৈরি হতে পারে।

আখতার হোসেন অর্থমন্ত্রীর কাছে জানতে চান, অতিরিক্ত ব্যয়ে চীনা কোম্পানি সিএনইকে দেওয়া প্রকল্পটি বাতিল করে দেশের স্বার্থ সংরক্ষণে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেবে কি না।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম