জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতাকে উপদেষ্টা করে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় কমিটি দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের উপদেষ্টা পরিষদে রয়েছেন— এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপি ও নুসরাত তাবাসসুম এমপি এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।