রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে টাঙানো ‘সমমনা দোকানদার সমিতি’র সাইনবোর্ড সরিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও যুবশক্তির নেতাকর্মীরা।
রোববার এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূইয়ার উপস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রটিতে লাগানো বিলবোর্ডটি সরিয়ে দেওয়া হয়। এ সময় এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা ‘দখলদারদের ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগান দেন।
এর আগে মিরপুর-১-এর ধ্বংসপ্রাপ্ত রাড্ডা ক্লিনিক পরিদর্শন করেন এনসিপির নেতারা।
গত বৃহস্পতিবার গভীর রাতে রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় পাঁচ দশক ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। ভারী যন্ত্রপাতি দিয়ে এর একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।