হোম > রাজনীতি > এনসিপি

চাঁদাবাজ, মাদক ও দুনীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা

নাসীরুদ্দীনের ৮ দফা ইশতেহার

স্টাফ রিপোর্টার

চাঁদাবাজ, মাদক ও দুর্নীতি, অবৈধভাবে দখলের বিরোধী জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার বিকালে সেগুনবাগিচায় দুদক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘোষিত ৮ দফা হলো, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ঢাকা-০৮, সর্বজনীন স্বাস্থ্যসেবা, বৈষম্যহীন, মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি নিশ্চিতকরণ, নাগরিকবান্ধব ও জনদুর্ভোগমুক্ত ঢাকা-o৮, আগামী প্রজন্মের জন্য ঢাকা-o৮ ও জনতার এমপি জনতার সেবক।

১। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার

আমি ওয়াদা করছি, ঢাকা-০৮ এর সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য সংসদে জোরালো দাবি উত্থাপন করব এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ অব্যাহত রাখব। সংসদ সদস্য নির্বাচিত হলে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এটিই হবে আমার প্রধান অগ্রাধিকার।

২। চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ঢাকা-০৮

ক) চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব। নাগরিকরা chandabaaj.com-এর মাধ্যমে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে অভিযোগ জানাতে পারবেন এবং প্রতিটি অভিযোগ দ্রুততার সাথে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

খ) মাদক ব্যবসায়ীচক্রকে কঠোরভাবে দমন করব। যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী ক্যাম্পেইন পরিচালনা এবং মাদকাসক্তদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব।

গ) অপরাধপ্রবণ এলাকা ও জনসমাগমস্থলে সিসিটিভি নজরদারি জোরদার করব। অন্ধকারাচ্ছন্ন রাস্তাগুলোতে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন করব।

ঘ) গণপরিবহন ও পাবলিক স্পেসে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, যৌন হয়রানি, ইভটিজিং ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব এবং ২৪/৭ হেল্পলাইন চালু করব।

ঙ) ঢাকা-০৮ এলাকায় অবৈধ দখলদারিত্ব নির্মূল করব এবং মানুষের বাড়িঘর, দোকান, ব্যবসা-বাণিজ্য ও সরকারি জায়গার নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিব, অবৈধভাবে দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধার করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

চ) শুধু মানুষ নয় এমনকি প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। আমি মানুষ ও সকল প্রাণীর জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক ঢাকা-০৮ গড়ে তোলার অঙ্গীকার করছি।

৩। সর্বজনীন স্বাস্থ্যসেবা

ক) ঢাকা-০৮ এর সকল সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সিন্ডিকেট ও দালালমুক্ত করে সকল নাগরিকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবাকে ব্যবসা নয়, নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সেবার মান, ন্যায্য ফি কাঠামো নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিব।

খ) ঢাকা-০৮ এর আওতাধীন ঢাকা মেডিকেল কলেজসহ সকল সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, রোগীবান্ধব পরিবেশ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্যোগ নিব। অবহেলা ও অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে।

গ) আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগ, প্রশিক্ষণ বৃদ্ধি এবং নতুন অবকাঠামো নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

ঘ) জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা হবে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত মশা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা মূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

ঙ) মানসিক স্বাস্থ্য, পুষ্টি, প্রজনন, মাতৃস্বাস্থ্য ও জরুরি চিকিৎসা সেবার উন্নয়নে পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা, সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করব।

চ) জনস্বাস্থ্য ও প্রাণীদের সুরক্ষায় কুকুর ও বিড়ালের জন্য জন্মনিয়ন্ত্রণ, ভ্যাক্সিনেশন ও চিকিৎসা কর্মসূচি বাস্তবায়ন করব, জলাতঙ্কসহ সংক্রামক ব্যাধি নির্মূল করার উদ্যোগ নিব।

৪। বৈষম্যহীন, মানসম্মত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থা

ক) ঢাকা-০৮ এলাকায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যহীন ও মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিব। মেধাবী শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও স্টার্টআপ ফান্ডের ব্যবস্থা করব। শিক্ষা ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ ও ভর্তি বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করব।

খ) জুলাই গণঅভ্যুত্থান থেকে অনুপ্রেরণা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে র‍্যাগিং, গেস্টরুম সংস্কৃতি ও রাজনৈতিক সহিংসতা বিলোপ করা হবে। মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে কোনো শিক্ষার্থী নির্যাতন বা বৈষম্যের শিকার না হয়।

গ) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নের জন্য স্বচ্ছ ও ন্যায্য অনুদান নিশ্চিত করব, যাতে সবার জন্য আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা সহজলভ্য হয়।

ঘ) আধুনিক শিক্ষা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ চালু করব। বিতর্ক, সাহিত্য, শিল্পকলা ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা হবে।

ঙ) শিশু ও তরুণদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে বেদখল হওয়া মাঠ উদ্ধার ও বিদ্যমান পার্কের রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরাপদ খেলাধুলার পরিবেশ গড়ে তোলা হবে।

৫। কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি বৃদ্ধি নিশ্চিতকরণ

ক) ঢাকা-০৮ আসনের জনগণের বেকারত্ব দূরীকরণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসার ও উদ্যোক্তাদের সাফল্য নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ফান্ড গঠনের ব্যবস্থা করব।

খ) ঢাকা-০৮ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা গ্রহণ করব, যাতে তারা স্বাবলম্বী জীবন গড়ে তুলতে পারেন।

গ) পল্টনে একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করব, যেখানে ই-লাইব্রেরি, কালচারাল সেন্টার, উদ্যোক্তাদের জন্য উচ্চগতির ইন্টারনেটসহ ওয়ার্কিং স্পেস এবং সেমিনার হল থাকবে।

ঘ) চাকুরিপ্রার্থী, উদ্যোক্তা ও শিক্ষানবিসদের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে। ফ্রিল্যান্সিং, ডিজিটাল স্কিল ও অনলাইন মার্কেটপ্লেসভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করে দেশি ও আন্তর্জাতিক বাজারে কাজের সুযোগ তৈরি করব। নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, পরামর্শ ও বাজারে পণ্য বিক্রির সুযোগ সৃষ্টিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করব।

ঙ) ঢাকা-০৮ এলাকার সরকারি ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় শিক্ষার্থী ও উদ্যোক্তাদের সংযোগ স্থাপন করা হবে, উদ্যোক্তাদের জন্য দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করব।

৬। নাগরিকবান্ধব ও জনদুর্ভোগমুক্ত ঢাকা-o৮

ক) আবাসিক এলাকায় বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়ে জনদুর্ভোগ কমিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এলপিজি গ্যাসের সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তোলার জন্য পদক্ষেপ নিব।

খ) ঢাকা-০৮ এর যানজট নিরসনে স্কুল এবং সরকারি অফিসের পৃথক সময়সূচি নির্ধারণ করার পদক্ষেপ নেয়া হবে। স্থানীয়দের অংশগ্রহণে স্বেচ্ছাসেবী ইউনিট গঠন করে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশদের সহায়তা প্রদান করব। ঢাকা-০৮ এর আওতাধীন এলাকাগুলোতে ভিআইপি প্রটোকলের কারণে সৃষ্ট অপ্রয়োজনীয় যানজট ও জনভোগান্তি সম্পূর্ণরুপে দূর করব।

গ) অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় গণসচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে পূর্বপ্রস্তুতি নেওয়া হবে এবং দ্রুত উদ্ধারকাজ ও পুনর্বাসন সম্পন্ন করার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে।

ঘ) নাগরিক সেবা সহজ ও দ্রুত করতে জন্মনিবন্ধন, পাসপোর্ট, এনআইডি, ট্রেড লাইসেন্সসহ সকল গুরুত্বপূর্ণ সেবা আসনভিত্তিকভাবে কোন প্রকারের হয়রানি ছাড়া প্রদানের পদক্ষেপ গ্রহণ করব। সাধারণ নাগরিকের জন্য ইনকাম ও হোল্ডিং ট্যাক্স ও সরকারি ফি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করব।

ঙ) শ্রমজীবী হকারদের নিবন্ধন ও লাইসেন্সের আওতায় এনে পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেটবিরোধী ব্যবস্থা জোরদার করব।

চ) পল্টন, রমনা, মতিঝিল, শাহবাগ ও শাহজাহানপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় পথচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে।

৭ । আগামী প্রজন্মের জন্য ঢাকা-o৮

ক) ঢাকা-০৮ কে বসবাসযোগ্য, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় সিন্ডিকেট ভেঙে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করা হবে।

খ) গুলিস্তান, মতিঝিল ও পল্টনসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। সড়ক ও ড্রেন পরিষ্কার করে জলাবদ্ধতা কমানো ও পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যত্রতত্র ময়লা ফেলা ও পোড়ানো সম্পূর্ণভাবে কমিয়ে আনতে উদ্ভাবনী কৌশল ও আন্তর্জাতিক মানসম্পন্ন বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে।

গ) বহুতল আবাসিক ও বাণিজ্যিক নির্মাণকাজে বিল্ডিং কোড, অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, পরিবেশের মানদণ্ড অনুসরণ বাধ্যতামূলক করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘ) পরিচ্ছন্নতা কার্যক্রমে তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে নিয়মিত পরিচ্ছনতা কর্মসূচি চালু করা হবে, যাতে নাগরিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে ওঠে।

৮। জনতার এমপি জনতার সেবক

আমি নাসীরুদ্দীন পাটওয়ারী, আপনাদের সেবক হিসেবে আসন্ন নির্বাচনে ঢাকা-০৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী। ক্ষমতাকে এলিট-জমিদার গোষ্ঠীর জিম্মা থেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে আমি সদা অঙ্গীকারবদ্ধ। আমার ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি দায়বদ্ধ থাকব। আপনাদের সেবক হিসেবে আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে হটলাইন ও ওয়ার্ডভিত্তিক ওয়ান-স্টপ সেবা কেন্দ্র চালু করব, যাতে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

হাদি হত্যার বিচারের প্রশ্নে এক বিন্দুও ছাড় নয়: নাহিদ

শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ, প্রশ্ন আসিফ মাহমুদের

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম

উত্তরায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারে ক্যারাভ্যান

বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না

কেন ‘ডার্বি নাসির’ নামে ডাকা হয়, জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াত আমিরের এক্স ‘হ্যাক’ তারেক রহমানের প্ল্যানের অংশ

আওয়ামী দোসর জাতীয় পার্টিকে আশ্রয় দিয়েছে বিএনপি

নির্বাচন নিয়ে এবারও ষড়যন্ত্র করছে ভারত: নাহিদ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম