সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয় ক্যাডারদের নিয়োগ নিশ্চিত করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় যুবশক্তি-এনসিপি।
শনিবার সন্ধ্যা ৭টায় বাংলামোটরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। এ সময় জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভে সংহতি জানাতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট তারিকুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে। প্রাথমিক শিক্ষক নিয়োগেও একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘নিয়োগ পরীক্ষায় অনিয়মের কারণে শেখ হাসিনার পতন ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি, জুলাই অভ্যুত্থান থেকে বিএনপি শিক্ষা নেয়নি। তারাও তরুণদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছে এবং দলীয়করণের পথে হাঁটছে।’
এ সময় আওয়ামী লীগের পতনের ঘটনা থেকে বিএনপিকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি।
অ্যাডভোকেট তারিকুল ইসলাম আরও বলেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে আড়াইশোর বেশি আসন পাওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে এর সাম্প্রতিক উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, ‘আজকে মিরপুরে রাড্ডা ক্লিনিকে লুটপাটের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে, তারা ক্ষমতায় এসেছে লুটপাট করার জন্য, সংস্কার করার জন্য নয়।’
এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনাকে সরকারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দলিল বলেও মন্তব্য করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি।