ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নাসিরউদ্দীন পাটোয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার বিকেলে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, নাসিরউদ্দীন পাটোয়ারীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
সভায় নাহিদ ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের অন্বেষণের পাশাপাশি ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জুলাইয়ের শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও যুক্ততা বজায় রাখার নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কড়া নজরদারি রাখার জন্য ঢাকা দক্ষিণ মহানগরীর আহ্বায়ক ইসহাক সরকার এবং ঢাকা উত্তর মহানগরীর আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দুই মহানগরের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
সভায় ঢাকা দক্ষিণ মহানগরীর আহ্বায়ক ইসহাক সরকার এবং ঢাকা উত্তর মহানগরীর আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দুই মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।