হোম > ধর্ম ও ইসলাম

গুরুত্বপূর্ণ স্থানে নারীদের নামাজের ব্যবস্থা করা হোক

মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী

বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এদেশের জনসংখ্যার অর্ধেকই নারী। বর্তমানে ইচ্ছায় বা অনিচ্ছায় মুসলিম নারীদের অনেককেই পড়াশোনা, চাকরি, ব্যবসা-বাণিজ্য, বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে ঘরের বাইরে অবস্থান করতে হয়। তাছাড়া অনেক সময় দেখা যায়, কোনো ধর্মপ্রাণ নারী তার স্বামী, সন্তান, বাবা বা ভাইয়ের সঙ্গে কেনাকাটা করতে বা কোথাও বেড়াতে বের হয়ে থাকেন। এ ধরনের অবস্থায় পুরুষরা নিকটবর্তী মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারলেও নারীদের জন্য পৃথক কোনো নামাজের জায়গা না থাকায় প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তারা নামাজ আদায় করতে পারছেন না। এজন্য তারা তীব্র মনঃকষ্টে ভোগেন। তাই মসজিদে মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের জায়গা থাকা জরুরি মনে করছি।

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা নারী-পুরুষ উভয়ের জন্য ফরজ। যদিও নারীদের জন্য তাদের নিজ নিজ গৃহের অভ্যন্তরেই নামাজ আদায় করাকে উত্তম বলেছেন মহানবী (সা.), তবুও বর্তমান প্রেক্ষাপটে নারীরা কোনো প্রয়োজনে বাইরে বের হলে তার ফরজ নামাজ আদায়ের জন্য পৃথক নামাজের জায়গা প্রয়োজন। তাই সময়ের প্রয়োজনে নারীদের নামাজের জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে, যাতে তারা প্রয়োজনে বাইরে গেলেও তাদের সুবিধামতো নামাজ আদায় করে নিতে পারেন।

আমাদের কর্তব্য হবে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস-আদালত, শিল্পকারখানা, শপিং সেন্টার, বাসস্টেশন, রেলস্টেশন, লঞ্চঘাট, যানবাহন-যাত্রাপথ, পর্যটন এলাকা, বিনোদন কেন্দ্র, হোটেল-মোটেলসহ সব জায়গায়ই পুরুষের পাশাপাশি নারীরাও যেন শরিয়তসম্মতভাবে নামাজ আদায় করতে পারেন, সে ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিত করা। কেননা আমাদের দেশে এসব স্থানে পুরুষের পাশাপাশি প্রচুর নারীও বিভিন্ন প্রয়োজনে চলাচল করে থাকেন। নামাজের ওয়াক্ত হলে পুরুষরা ঠিকই নামাজ আদায় করতে পারেন, কিন্তু সুযোগের অভাবে প্রতিদিন নামাজ কাজা হচ্ছে অসংখ্য নারীর।

আলহামদুলিল্লাহ! আশার কথা হলো, বর্তমানে ঢাকা শহরের বেশ কিছু এলাকায় নারীদের জন্য নামাজ আদায় করার পৃথক জায়গার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে অনেক মসজিদ, শপিং সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে এ ব্যবস্থা রয়েছে।

মসজিদের মধ্যে রয়েছে—বায়তুল মোকাররম মসজিদের নিচতলা, সোবহানবাগ জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, ধানমন্ডি ১২/এ লেকের সঙ্গেই অবস্থিত বায়তুত তাকওয়া মসজিদ, সায়েন্স ল্যাবের বায়তুল মামুর জামে মসজিদের দ্বিতীয় তলা, মিরপুর ১-এর ফেরদৌসী মসজিদ, ধানমন্ডি ৮-এর বায়তুল আমান জামে মসজিদ, উত্তরা ৪নং, ৬নং ও ৭নং সেক্টর মসজিদ এবং রমনা থানা জামে মসজিদ। এছাড়া রয়েছে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের আল আমিন মসজিদ, গুলশান ২-এর আজাদ মসজিদ, ঢাকা কলেজের পেছনে অবস্থিত নায়েম ভবন মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাঁটাবন মসজিদ, ফার্মগেট এয়ারপোর্ট রোডের বায়তুশ শরফ মসজিদ এবং মহাখালী টিবি গেটের মসজিদ-ই-গাউসুল আজম।

যেসব এলাকার শপিং সেন্টারগুলোয়ও নারীদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে, সেগুলো হলো—ঢাকা নিউমার্কেট মসজিদ, জিগাতলার সীমান্ত স্কয়ার, ইস্টার্ন মল্লিকার ছাদে, মিরপুর রোডের রাপা প্লাজার পঞ্চম তলা ও জয়ীতা শোরুম, গাউছিয়া মার্কেটের নিচতলা, চাঁদনি চকের তৃতীয় তলা এবং যমুনা ফিউচার পার্কের পঞ্চম তলা।

এছাড়া আবদুল্লাহপুরের পলওয়েল কারনেশন সেন্টার, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলা, মৌচাক মার্কেটের চতুর্থ তলা, ধানমন্ডি ২৭-এর জেনেটিক প্লাজার প্রথম তলা, গুলশান ১-এর ডিসিসি সুপার মার্কেট, টুইন টাওয়ার শপিং সেন্টারের চতুর্থ তলা, পিংক সিটির বেইজমেন্ট এবং উত্তরার নর্থ টাওয়ার মার্কেটের অষ্টম তলায় নারীদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে ।

বেশ কিছু হাসপাতালেও নারীদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে, যেমন স্কয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটালের তৃতীয় তলা, অ্যাপোলো হসপিটালের পঞ্চম তলা, কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ, ল্যাবএইড ডায়াগনস্টিক হসপিটালের ১.৫ তলা এবং ধানমন্ডির ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের বেইজমেন্ট।

পরিশেষে বলব, বাংলাদেশের নারীরা সাধারণত তাদের বাসা-বাড়িতেই নামাজ আদায় করে থাকে। কিন্তু যখন তারা ঘরের বাইরে কোনো কাজে বের হয়, তখন তো তাদের ফরজ নামাজ মাফ করে দেওয়া হয়নি। সেজন্য দেশের প্রতিটি জনগুরুত্বপূর্ণ স্থানে এবং বড় বড় মসজিদে নারীদের জন্য নামাজ পড়ার পৃথক ব্যবস্থা থাকা প্রয়োজন। কেননা সুযোগের অভাবে কারো নামাজ কাজা হয়ে গেলে তার দায়-দায়িত্ব পুরো জাতির ওপরই পড়বে।

লেখক : সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা

শাওয়ালের ছয় রোজায় সারা বছর রোজা

শায়খ আহমাদুল্লাহর নতুন বই

রমজানের কাজা রোজার বিধিবিধান

মিরাজের সঙ্গে ছবি, পোস্ট দিলেন জাকির নায়েক

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার ৯০ শতাংশ

শাওয়ালের ছয় রোজা একাধারে রাখা কি জরুরি

শাওয়ালের ছয়টি রোজা রাখার মধ্যে কত বড় ফজিলত

ঈদের দিনের সুন্নত আমল

জুমাতুল বিদা আজ

নতুন চাঁদ দেখলে মহানবী (সা.) যে দোয়া পড়তেন