হোম > ইসলাম ও জীবন

ইসলামী জ্ঞানের জন্য এআই কি নির্ভরযোগ্য

আমার দেশ অনলাইন

ছবি: এআই

ধর্মীয় বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে এবং ইসলামের বিধান জানতে বর্তমানে অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দ্বারস্থ হচ্ছেন। তবে যন্ত্রের দেওয়া ধর্মীয় ব্যাখ্যা কতটা নির্ভরযোগ্য এবং কোনো যন্ত্র ফতোয়া দিতে পারে কি না—তা নিয়ে মুসলিম বিশ্বে নতুন বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি ‘কাফ’ (Qaf) নামের একটি ইসলামিক এআই অ্যাপ ঘিরে এই আলোচনা জোরালো হয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই বিতর্ক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

‘কাফ’ অ্যাপ ও বিতর্কের সূত্রপাত: ইসলাম সম্পর্কে জানা এবং ধর্মীয় জ্ঞান অর্জনে সহায়তার উদ্দেশ্যে তৈরি ‘কাফ’ অ্যাপটির উদ্বোধনী ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে অ্যাপটির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। ওই পোস্টে বলা হয়, কোনো আলেমের দেওয়া ভুল ফতোয়া অনুসরণ করলে সাধারণ মানুষের গুনাহ নাও হতে পারে, কিন্তু এআই-এর দেওয়া ফতোয়া অনুসরণ করলে তার দায় নিজেকেই নিতে হবে।

বিতর্কের মুখে অ্যাপটির প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ আব্দেল ফাত্তাহ স্পষ্ট করেছেন যে, অ্যাপটি ফতোয়া দেওয়ার জন্য তৈরি হয়নি; ফতোয়া দেওয়ার দায়িত্ব কেবল যোগ্য আলেমদের। তার মতে, ‘কাফ’ মূলত ইসলাম বিষয়ক গবেষণা ও তথ্য খুঁজে পাওয়ার একটি মাধ্যম।

আলেম ও বিশেষজ্ঞদের মতামত: ধর্মীয় বিষয়ে এআই-এর ব্যবহার প্রসঙ্গে মিশরের সাবেক ধর্মবিষয়ক উপমন্ত্রী সালেম আব্দেল গেলিল মনে করেন, যেসব আলেম বা ব্যক্তির আগে থেকেই ধর্মীয় জ্ঞান রয়েছে, তাদের গবেষণার কাজে এআই সহায়ক হতে পারে। তবে সাধারণ মানুষের ধর্মীয় বিধান বা ফতোয়া জানার ক্ষেত্রে এআই-এর ওপর নির্ভর করা উচিত নয়।

একইভাবে, আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তাইয়েবের পক্ষ থেকে দেওয়া এক বক্তব্যে মোহাম্মদ আল দুয়াইনি বলেন, যন্ত্রের পক্ষে ফতোয়া দেওয়া সম্ভব নয়। তবে তিনি এআই প্রযুক্তির উন্নয়নে ইসলামিক বিশ্বকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

তথ্য ও প্রযুক্তিতে মুসলিম বিশ্বের সীমাবদ্ধতা: প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার ‘এআই যুদ্ধ’ বা প্রযুক্তিগত প্রতিযোগিতার কারণে উন্নত চিপ ও প্রযুক্তি রপ্তানিতে নানা বিধিনিষেধ রয়েছে। ফলে আরব ও মুসলিম দেশগুলো নিজস্ব এআই প্রযুক্তি তৈরির উদ্যোগে বাধার মুখে পড়ছে।

এছাড়া এআই-কে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্যের অভাবও একটি বড় চ্যালেঞ্জ। হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামের রাশওয়ানির মতে, বড় বাণিজ্যিক এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহৃত অনলাইন উপকরণের মধ্যে আরবি ভাষার অংশ অর্ধ শতাংশেরও কম। পাশাপাশি আরব ও ইসলামের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি ও জ্ঞান এখনো ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত না হওয়ায় এআই-এর মাধ্যমে সঠিক ধর্মীয় তথ্য পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়ে গেছে।

বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং যেভাবে ইসলাম গ্রহণ করলেন

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

তালাকের অপব্যবহার ও আমাদের সমাজ

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ