মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার হিফজুল কুরআন বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় হাফেজ ইহতিশামুল হক হিরাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী ও সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান।
রোববার এক যৌথ অভিনন্দন বার্তায় তারা বলেন, বিশ্বের ৩৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে হাফেজ ইহতিশামুল হক হিরার প্রথম স্থান অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কুরআনের হিফজে তার এই অসাধারণ সাফল্য দেশের ধর্মপ্রাণ মানুষের জন্য আনন্দের সংবাদ এবং পুরো জাতির জন্য সম্মানের।
তারা বলেন, পবিত্র কুরআন শুধু আমাদের ধর্মীয় জীবনের পথনির্দেশক নয়, বরং মুসলিম উম্মাহর মর্যাদা ও আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। কুরআনের হিফজে বিশ্বমঞ্চে বাংলাদেশের এই অর্জন প্রমাণ করে, যথাযথ পরিচর্যা, আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠাপূর্ণ সাধনার মাধ্যমে আমাদের হাফেজরা আন্তর্জাতিক পর্যায়ে অনন্য সাফল্য অর্জন করতে সক্ষম। হাফেজ ইহতিশামুল হক হিরার এই বিজয় দেশের নতুন প্রজন্মকে পবিত্র কুরআন হিফজ ও কুরআনিক শিক্ষায় আরও উৎসাহিত করবে বলে আমরা আশাবাদী।
তারা বলেন, এই সাফল্যের পেছনে তার মেধা, অধ্যবসায় ও কঠোর সাধনার পাশাপাশি শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং পরিবারের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা তার সম্মানিত শিক্ষকবৃন্দ, পরিবার-পরিজন এবং শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী ও সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান মহান আল্লাহ তাআলার দরবারে হাফেজ ইহতিশামুল হক হিরার সর্বাঙ্গীণ কল্যাণ, ইলম ও আমলে বরকত এবং পবিত্র কুরআনের খেদমতে আরও সাফল্য কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তার এই অর্জন দেশের জন্য ভবিষ্যতেও আরও গৌরব বয়ে আনবে এবং তিনি কুরআনের আলোয় নিজেকে গড়ে তুলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে অবদান রাখবেন।