২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের লড়াই শেষে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে দলগুলো। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে উত্তীর্ণ হওয়া আর্জেন্টিনাও মাঠে নামছে নিজেদের ঝালিয়ে নিতে। আসন্ন আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপের প্রস্তুতিতে চোখ রেখে দুটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। যার একটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে ১১ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ও ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। সূচি অনুযায়ী আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে এবং পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি তাদের খেলার কথা শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে। কিন্তু শিকাগোতে চলমান বিক্ষোভের কারণে ম্যাচটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল।
এদুলের ভাষ্য অনুযায়ী, মিয়ামির চেজ স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচটি। যেটি মিয়ামির হোম ভেন্যু। তবে এই ম্যাচে মেসির থাকা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। লিওনেল স্কালোনির মনোযোগ চোটের ঝুঁকি এড়ানো এবং তরুণদের বাজিয়ে দেখার দিকেই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা ওর (মেসি) সঙ্গে এবং অন্য সবার সঙ্গেও কথা বলব। কাউকে নিয়েই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। যারা পুরোপুরি ফিট, তারা অবশ্যই খেলবে।’