হোম > খেলা

কে জিতবে আজ?

বাংলাদেশ, পাকিস্তান, না বৃষ্টি

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে

বাংলাদেশ শূন্য। পাকিস্তান শূন্য। ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুদলের অর্জনের খাতাই শূন্য। একসঙ্গে দুদলই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। ফলে আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচের অবস্থা গুরুত্বহীন বিষয়ের পরীক্ষার মতোই দাঁড়িয়েছে। স্রেফ নিয়ম রক্ষার ম্যাচ এটি। এ ম্যাচ জিততে পারলে মূল আকর্ষণ হারানো দল সান্ত্বনা পুরস্কারটুকুই পাবে- এই আর কি! এই সান্ত্বনা পুরস্কারটুকুই কী জিততে পারবে বাংলাদেশ? এ নিয়ে যথেষ্ট সংশয়-সন্দেহ আছে। কেননা, আগেই তো মূল বিষয়ে বাজেভাবে ফেল করে বসে আছে বাংলাদেশ। স্কোরশিটে বলার মতো ন্যূনতম নম্বরটুকুও তুলতে পারেনি দল। তাদের প্রথম দুটি ম্যাচের ফল আঙুল দিয়ে দেখিয়ে দিল- স্বপ্ন আর বাস্তবতা একই সরলরেখায় অবস্থান নয়। সেখানে বিস্তর ফারাক।

স্বপ্নটা নিউজিল্যান্ড ম্যাচেই ভেঙে চুরমার হয়ে গেছে। এখন শেষটা ভালো করার পালা। শেষটা জয়ে রাঙাতে পারলে একদম খালি হাতে ফিরতে হবে না। এজন্য প্রয়োজন পূর্ণ ব্যাটিং শক্তির প্রদর্শন। চলমান চ্যাম্পিয়নস ট্রফি রান উৎসবের টুর্নামেন্ট। সেখানে দেদার সেঞ্চুরি পাচ্ছেন ব্যাটাররা। স্কোরবোর্ডে রানবন্যা হচ্ছে। অথচ দারুণ ব্যাটিংবান্ধব উইকেটে বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে যেন সবকিছুই কঠিন হয়ে যায়! প্রথম দুই ম্যাচে মুখ থুবড়ে পড়ে ব্যাটিং। যেখানে তিনশ-সাড়ে তিনশ রান ডাল-ভাত খাওয়ার মতো সহজ ব্যাপার, সেখানে কি না দুই ম্যাচ মিলে সাকুল্যে রান হয়েছে ৪৬৪ (২২৮ ও ২৩৬)। একটি সেঞ্চুরি (হৃদয় ১০০) আর দুটি ফিফটি (শান্ত ৭৭, জাকের ৬৮) ছাড়া বড় ইনিংস নেই। দুই ম্যাচে ১২ ব্যাটার ব্যক্তিগত রান ডাবল ডিজিটে নিয়ে যেতে পারেননি। এর মধ্যে ৬ জন শূন্য রানে আউট হন। টপ অর্ডারের ধস, মিডল অর্ডার ভেঙে পড়ায় দল ডুবেছে। এই দীনহীন ব্যাটিংয়ের পর আলোচনার মধ্যমণি দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ব্যাটিংয়ে যে দৈন্যদশা দেখা গেছে, এ নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। হচ্ছে অনেক সমালোচনাও। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হওয়ার পর তাদের প্রতি টিম ম্যানেজমেন্ট আর আস্থা রাখবে কি না- সেটি এখন দেখার বিষয়। অবশ্য শেষ ম্যাচে একাদশে পরিবর্তনে ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টুর্নামেন্ট থেকে অন্তত একটি জয় নিয়ে ফিরলে মন্দ হয় না। আইসিসি টুর্নামেন্ট, এশিয়া কাপ ও দ্বিপক্ষীয় সিরিজ মিলে পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে ৫টি ম্যাচে। তবে একটি জায়গায় এখনো বাংলাদেশের অর্জনের খাতা শূন্য। পাকিস্তানের মাটিতে ১২টি ওয়ানডে ম্যাচ খেললেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তাদের সামনে এখন এই আক্ষেপটা ঘুচানোর সুযোগ। ৬ মাস আগে রাওয়ালপিন্ডির মাঠেই পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি আছে। এবার ওয়ানডে ক্রিকেটেও ইতিহাস গড়ার হাতছানি। অবশ্য পাকিস্তান ম্যাচটি সহজ হবে না। টানা হারের মধ্যে থাকলেও পাকিস্তান প্রবল প্রতিপক্ষ। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ত্রিদেশীয় সিরিজে সাড়ে ৩০০ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে তাদের। এরচেয়ে বড় কথা, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়েছে দলটি। এতে কোণঠাসা হয়ে পড়া পাকিস্তান স্বরূপে ফিরতে চাইবে। দুই ম্যাচে যে জেদ জমা হয়েছে, তাতে বাংলাদেশ ম্যাচে ‘দুধের স্বাদ ঘোলে মেটানো’ কাজটি করতে পারেন বাবর-রিজওয়ানরা। তাদের মূল শক্তি হলো দুর্দান্ত বোলিং অ্যাটাক। পেস আর স্পিন মিলে দারুণ সমন্বয়। ফলে রান তুলতে গিয়ে কঠিন পরীক্ষায় পড়তে পারেন বাংলাদেশের ব্যাটাররা। জিততে হলে এ পরীক্ষা উতরাতেই হবে তাদের। ব্যাটিংয়ে সর্বশক্তি দিয়ে জ্বলে উঠতে হবে। তা না হলে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শেষ করবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডির পূর্বাভাসে আজ বৃষ্টির আশঙ্কা আছে। যদি বেরসিক বৃষ্টি এসে খেলা পণ্ড করে দেয়, তাহলে বাংলাদেশ-পাকিস্তানের আরেকটি আকর্ষণীয় ম্যাচ থেকে বঞ্চিত হবেন ক্রিকেটপ্রেমীরা।

নারী দলের বিশেষ ক্যাম্প আজ শুরু

টিভির পর্দায় চ্যাম্পিয়নস লিগের রিয়াল-বেনফিকার লড়াই

পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

সাফ গেমস ঘিরে টিটির প্রত্যাশা

‘সুপার সাব’ সেসকোতে উদ্ধার ম্যানইউ

বেতনভুক্ত হবেন হামজা চৌধুরীরা

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

ফিফা-উয়েফা লালকার্ড দেখছে!

পাকিস্তানের আজ টিকে থাকার লড়াই

টিভিতে দেখবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা