অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে চীনের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারল না বাংলাদেশ। স্বাগতিকদের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্টে যাত্রা করল তারা। হারলেও দুর্দান্ত পারফরম্যান্সে সবার মন জয় করেছে বাংলাদেশের যুবারা। আগামী রোববার পুল পর্বে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে।
চীনের মকিতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তুমুল লড়াই করেছে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ২-১ গোলে এগিয়ে থেকেও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেলেন বাংলাদেশের যুবারা। ছয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে চীন এগিয়ে যায়। কিছুক্ষণ পরই ১-১ সমতায় ফেরে বাংলাদেশ। ফিল্ড গোল করে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দেন দ্বীন ইসলাম। প্রথম কোয়ার্টার শেষ ১-১ সমতায়। এরপর দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু বিরতির পর তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে ২-২ সমতায় ফেরে চীন। পেনাল্টি কর্নার থেকেই গোল হজম করে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে বাংলাদেশ গোলের চেষ্টা করেছিল। তবে ৫৩ মিনিটে আরেকটি গোল হজম করায় পিছিয়ে পড়ে তারা। বাকি সময় আর গোল পায়নি বাংলাদেশের ছেলেরা। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। ম্যাচ হারলেও যুবাদের লড়াকু পারফরম্যান্স প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। যুব এশিয়া কাপে সেরা ছয়ের মধ্যে থাকতে পারলে জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এ লক্ষ্য নিয়েই খেলছে লাল-সবুজের জার্সিধারীরা। এদিকে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের ম্যাচ রয়েছে চাইনিজ তাইপের বিপক্ষে।