বেশি আগের কথা নয়, দুই বছর আগেই ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোয় নাইজেরিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। দুই বছর পর এসে সেই আসরের হারের প্রতিশোধ তুলে নিলো আলবিসেলেস্তে যুবারা। চলতি যুব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে সেই নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
সবশেষ এই প্রতিযোগিতায় আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠেছিল ২০১১ সালে। এরপর শুধুই ব্যর্থতার গল্প। সেই গল্পে প্রলেপ দেওয়ার ম্যাচে নাইজেরিয়ার জালে শুরুতেই গোল দিয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায় বায়ার লেভারকুসেনের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড আলেহো সারকো এই আসরের ইতিহাসে আর্জেন্টিনার হয়ে দ্রুততম গোলটি করেন। তিনি পেছনে ফেলেছেন ২০০১ সালে ফ্যাব্রিসিও কোলোচ্চিনির ২ মিনিটে করা গোলের রেকর্ড।
এরপর গোলের ধারাবাহিকতা চলতে থাকে যুবাদের। ২৩ মিনিটে উইঙ্গার মাহের কারিজ্জো ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা বিরতির পর ৫৩ মিনিটে দেখা পায় তৃতীয় গোলের। নিজের দ্বিতীয় গোলটি করেন কারিজ্জো। আর্জেন্টিনার হয়ে ৬৬তম মিনিটে শেষ গোলটি উইঙ্গার মাতেও সিলভেত্তির।
আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৫টায় কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ ষোলোয় অন্য ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ নরওয়ে। শেষ ষোলোর আরেক ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে ওঠে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে অপর ম্যাচে স্পেনের মুখোমুখি হবে কলম্বিয়া।