হোম > খেলা

ক্যাডেটদের হাত ধরে স্কোয়াশের নতুন জাগরণ

স্পোর্টস রিপোর্টার

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “ক্যাডেট স্কোয়াশ লীগ ২০২৬, সিজন-০২”। শুক্রবার আয়োজিত দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশের ১২টি ক্যাডেট কলেজের প্রায় ৪০ জন ক্যাডেট অংশ নিয়ে জমিয়ে তোলেন স্কোয়াশের লড়াই। ছেলেদের পাশাপাশি নারী ক্যাডেটদের অংশগ্রহণ প্রতিযোগিতায় যোগ করেছে নতুন মাত্রা।

সকাল ৯টায় খেলা শুরু হয়ে দিনভর চলে উত্তেজনাপূর্ণ ম্যাচ। পরে সংবাদ সম্মেলন ও বিকেলে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুহাম্মদ হাসান উজ জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এম ফিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর জেনারেল আব্দুল মতিন (অব.), ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব.) এবং বিভিন্ন কলেজের প্রাক্তন ক্যাডেট ও সাংবাদিকরা।

গতবার ঢাকা ক্লাবে সীমিত পরিসরে আয়োজন হলেও এবার প্রায় দ্বিগুণ অংশগ্রহণকারীর উপস্থিতিতে বড় পরিসরে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটি। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সহযোগিতায় “ক্যাডেট স্কোয়াশ ফ্র্যাটারনিটি” এই আয়োজন করে। ভেন্যু পার্টনার ছিল বসুন্ধরা স্পোর্টস সিটি এবং টাইটেল স্পনসর মার্কস মেডিকেল কলেজ।

আয়োজকদের মতে, প্রতিযোগিতাটি শুধু ক্রীড়া নয়, ক্যাডেটদের মধ্যে ভ্রাতৃত্ব, নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করার সুযোগ তৈরি করেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পেশায় থাকা প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণ টুর্নামেন্টটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

এলিট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা ক্যাডেট কলেজের তারিখ আহম্মেদ খান। রানার্সআপ হন সিলেট ক্যাডেট কলেজের ব্রিগেডিয়ার আব্দুল আজিজি। যৌথভাবে তৃতীয় হয়েছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাইমুন সোবহান, রেজওয়ান ইবনে নুর ও অরিত্র রুদ্ধ ধর।

প্লেট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের ক্যাপ্টেন হাসিব। রানার্সআপ হন ক্যাপ্টেন আহনাফ। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের ডা. শাহেদ এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাকিব।

নারী ক্যাটাগরিতে জয়পুরহাট ক্যাডেট কলেজের প্রপিতি মন্ডল চ্যাম্পিয়ন এবং ময়মনসিংহ ক্যাডেট কলেজের মনিকা দাস রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম বলেন, “খেলাধুলা যেমন নির্মল আনন্দ দেয়, তেমনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যাডেটদের মাধ্যমে বাংলাদেশে প্রায় হারিয়ে যেতে বসা স্কোয়াশ আবারও নতুন করে প্রাণ ফিরে পাবে বলে আমরা আশাবাদী।”

প্রধান অতিথি মেজর জেনারেল মুহাম্মদ হাসান উজ জামান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

ইংল্যান্ডের বিশ্বকাপ মিশনে নেই ফোডেন-পালমার-আলেক্সান্ডার-আর্নল্ড

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে চারজন

হামজা স্পোর্টস পারসন অব দ্য ইয়ার

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ রিজওয়ান

ঈদের আগে প্রিমিয়ার ক্রিকেটে জাতীয় দলের তারকারা

জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি

রোনালদোর জোড়া গোলে শিরোপা উৎসব আল-নাসরের

বিসিবিতে নির্বাচনের আমেজ, প্রার্থী হতে চান ৩৯ জন

টিভির পর্দায় থাকছে ফুটসালের রোমাঞ্চ