হোম > খেলা

ভারতের কাছে তিন দিনেই হার মানল ওয়েস্ট ইন্ডিজ

আহমেদাবাদ টেস্ট

স্পোর্টস ডেস্ক

এ যেন অসম লড়াই। জায়ান্ট টিমের বিপক্ষে খেলল পুঁচকে এক দল। তাই তো পুরো তিন দিনও টিকতে পারল না ক্রিজে। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই ধসে গেল ওয়েস্ট ইন্ডিজ। আজ ভারতের কাছে অতিথি দলটি হারল ইনিংস ও ১৪০ রানের বড় ব্যবধানে। ভারতের মাটিতে আগের পাঁচ টেস্টই তিন দিনে হার মেনেছে ক্যারিবীয়রা। তার মধ্যে চার ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছে উইন্ডিজ। বাকি ম্যাচটি উড়ে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এবার আহমেদাবাদ টেস্টেও মঞ্চস্থ হলো একই চিত্রনাট্য।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গিয়েছিল ১৬২ রানে। জবাবে ৫ উইকেটে ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত। তাতে ২৮৬ রানের লিড পায় স্বাগতিকরা। কিন্তু ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ধসে যায় মাত্র ১৪৬ রানে।

দুই ইনিংস মিলিয়ে উইন্ডিজ খেলেছে মাত্র ৮৯.২ ওভার। ভারতের বিপক্ষে কোনো টেস্টের দুই ইনিংসে এত কম ওভার আর কখনো খেলেনি তারা। দাপুটে এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রইল ভারত।

প্রথম ইনিংস শেষে উইন্ডিজ পিছিয়ে ছিল ২৮৬ রানে। তাতেই ধরে নেওয়া হয়, ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে সফরকারীরা। কেননা সবশেষ ১৫ টেস্ট ইনিংসে ২৮৬ রানও কখনো পেরিয়ে যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তাদের সর্বোচ্চ স্কোর ছিল ২৫৩। সেই ১৫ ইনিংসে ২০০ রানের স্কোর ছাড়িয়ে যেতে পেরেছে তারা মাত্র দুবার। এ কারণে ভারত ২৮৬ রানকে নিরাপদ ধরে যে ভুল করেনি। তৃতীয় দিনে রবীন্দ্র জাদেজা আর মোহাম্মদ সিরাজরা দেন তার প্রমাণ।

রবীন্দ্র জাদেজা ঘূর্ণি জাদুতে দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৪ উইকেট। আর ব্যাট হাতে প্রথম ইনিংসে উপহার দেন ১০৪* রানের চমৎকার এক ইনিংস। এমন চমৎকার অলরাউন্ড নৈপুণ্যে জাদেজা জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ১৬২/১০, ৪৪.১ ওভার ও ১৪৬/১০, ৪৫.১ ওভার (অ্যাথানেজ ৩৮, গ্রিভস ২৫, সিলস ২২; জাদেজা ৪/৫৪, সিরাজ ৩/৩১ ও কুলদীপ ২/২৩)।

ভারত প্রথম ইনিংস : ৪৪৮/৫, ১২৮ ওভার (জুরেল ১২৫, জাদেজা ১০৪*, রাহুল ১০০, গিল ৫০; চেজ ২/৯০, সিলস ১/৫৩, পিয়েরে ১/৯১ ও জোমেল ১/১০২)।

ফল : ভারত ইনিংস ও ১৪০ রানে জয়ী।

ম্যাচসেরা : রবীন্দ্র জাদেজা।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি