অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি টুর্নামেন্টের শুরুটা ভালো ছিল না বাংলাদেশ নারী দলের। প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ১২-০ গোলে হেরেছে তারা। তবে আজ দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখল বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারাল চাইনিজ তাইপেকে। আজ গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন।
চার দলের বি গ্রুপে বাংলাদেশের অর্জন ৩ পয়েন্ট। টেবিলের তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে সেরা দুই দলের মধ্যে থাকতে পারলে সেমিফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তা না হলে স্থান নির্ধারণী ম্যাচে খেলবে নারী দল। গ্রুপের শীর্ষে থাকা জাপান ও চীনের অর্জন সমান ৪ পয়েন্ট করে। তাদেরও একটি করে ম্যাচ বাকি রয়েছে।
জাপানের কাকামিগাহারায় চায়নিজ তাইপের বিপক্ষে বাংলাদেশকে প্রথম এগিয়ে দেন কনা আক্তার। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল উপহার দেন। ৫৫ মিনিটে রিয়া আইরিন ফিল্ড গোল করে দলের জয় নিশ্চিত করেন। তবে ম্যাচসেরা হয়েছেন তন্নী। গত বছর চীনে এশিয়া কাপ হকির অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট হয়েছিল। বাংলাদেশ নারী দল প্রথমবার অংশ নিয়েই ব্রোঞ্জ পদক জিতেছিল।
এদিকে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে বাংলাদেশ বালক দলও দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে। মালয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ের পর গত ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশের ছেলেরা। আগামীকাল গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ‘বি গ্রুপে চার দলের মধ্যে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।