বাংলাদেশের নারী ক্রিকেট দলের পেস বোলিংয়ের মূল অস্ত্র মারুফা আক্তার। আইসিসি নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ভীতটা গড়ে দিয়েছেন মারুফা। পাকিস্তানের ইনিংসের শুরুরে মারুফার সুইংয়ের সামনে নাকাল হতে হয় পাকিস্তানি মেয়েদের। মারুফার এই বোলিংয়ের পর একটি ভিডিও পোস্ট করে আইসিসি, আর তাতে উঠে আসে মারুফার আইডলের নাম।
আইসিসির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুটো খণ্ড ভিডিওকে জোড়া লাগানো বোলিং ক্লিপ। যার একটি এক যুগের বেশি পুরনো, আরেকটি একেবারে টাটকা। পুরনোটা অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার মিচেল স্টার্ক, অন্যটি বাংলাদেশের মারুফা। পুইরনো স্টার্কের সঙ্গে বর্তমান মারুফার মিল খুঁজতে গিয়ে ১৩ বছর আগের ভিডিও ক্লিপটি পুনঃপ্রচার করেছে আইসিসি।
মারুফার নিজেরও পছন্দ স্টার্ক। এই অস্ট্রেলিয়ান পেসারকে আদর্শ মেনেই উড়ছেন মারুফা, ওড়াচ্ছেন বাংলাদেশের নারী দলের বোলিং বিভাগের ঝাণ্ডা। ওই ভিডিওতে স্টার্ককে আদর্শ মানা মারুফা বলেন, ‘স্টার্ক আমার অনেক পছন্দের বোলার। তাঁর সুইং করানোর দক্ষতা আমি অনুসরণ করি। সেটা আমাকে অনুপ্রাণিত করে। নিজেকে বলি, মারুফা, তুইও পারিস!’
গতকাল কলম্বোয় পাকিস্তানি ব্যাটারদের একেবারেই সুবিধা করতে দেননি বাংলাদেশের বোলাররা। প্রতিপক্ষকে অলআউট করে মাত্র ১২৯ রানে। এমন দাপটের ছন্দ গেঁথে দেন মারুফা। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন তিনি। প্রথমে ফেরান ওপেনার ওমাইমা সোহাইলকে। এরপর চোখ-ধাঁধানো সিমের ভেতরে আসা মুভমেন্টে পরাস্ত করেন সিদরা আমিনকে। সর্বশেষ তিন ওয়ানডেতে দুটি সেঞ্চুরি, একটি ফিফটি আছে তাঁর।