হোম > খেলা

বাংলাদেশের ছন্দে ফেরার সিরিজ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডে সিরিজ হার। লম্বা বিরতিতে ওয়ানডে ম্যাচ খেলা বাংলাদেশ আবার মাঠে নামছে ওয়ানডে সিরিজ খেলতে। এবার মেহেদি হাসান মিরাজের নেতৃতাধীন বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। বছরজুড়ে ওয়ানডেতে অধারাবাহিক বাংলাদেশের জন্য এই সিরিজে থাকছে ছন্দে ফেরার চ্যালেঞ্জ। চলতি বছর ছয় ওয়ানডে খেলে মাত্র এক ম্যাচে জয় পেয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। বাকি পাঁচ ম্যাচের একটি পরিত্যক্ত এবং চারটিতে হার। তবে এই সিরিজের আগে বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দেবে অতীত পরিসংখ্যান। আফগানদের বিপক্ষে ১৯ ওয়ানডেতে বাংলাদেশের জয় ১১ ম্যাচে। পাশাপাশি আফগানদের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে ওয়ানডে খেলতে নামবে।

আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে থাকছেন না লিটন দাস ও সৌম্য সরকার। এমনকি ভিসা জটিলতায় এখনো আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি ওপেনার নাঈম শেখ। ফলে নতুন ওপেনিং জুটির দেখা মিলবে এবারের সিরিজে। টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলা সাইফ হাসানের ওয়ানডে অভিষেক হবে এই ম্যাচ দিয়ে। ওপেনিংয়ে তার সঙ্গী হবেন তানজিদ হাসান তামিম। তিন নম্বরে ব্যাট করবেন অভিজ্ঞ নাজমুল হোসেন শান্ত।

টপ অর্ডার নিয়ে নির্ভার থাকা বাংলাদেশের জন্য চিন্তার কারণ মিডল অর্ডার। এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে খুব একটা ছন্দে ছিলেন না তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। অন্যদিকে তাদের সঙ্গে মিডল অর্ডারে জায়গা পাওয়ার লড়াইয়ে আছেন শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহান। বাড়তি বোলার খেলানোর তাড়া না থাকলে টিম ম্যানেজমেন্ট যেকোনো তিনজনকে খেলানোর ঝুঁকি নিতে পারে। সেক্ষেত্রে তাওহিদ হৃদয়ের বাদ পড়ার সম্ভাবনা বেশি। আর উইকেটের পেছনে সোহানকে দেখা যেতে পারে। মিডল অর্ডারে এই তিন ব্যাটারের সঙ্গে থাকবেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

বোলিং আক্রমণ নিয়ে খুব একটা চিন্তা নেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেতে পারেন তানজিম হাসান সাকিব। টেস্টে নিয়মিত খেলা আরেক পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার একাদশের বাইরে থাকার সম্ভাবনাই বেশি। তানজিম সাকিবকে জায়গা পেতে হলে অবশ্য লড়তে হবে ব্যাটারদের সঙ্গে। মিডল অর্ডারে এক ব্যাটার কম খেলালে সেক্ষেত্রে একাদশে সুযোগ মিলতে পারে তার। স্পিন আক্রমণে থাকবেন তানভীর আহমেদ ও রিশাদ হোসেন। তানভীর-রিশাদ থাকলেও আফগানদের বিপক্ষে স্পিন আক্রমণের নেতৃত্বটা থাকবে মিরাজের কাঁধেই।

একাদশে জায়গা পাওয়ার লড়াইটা যেমনই হোক, ওয়ানডে সংস্করণে থাকা অধারাবাহিকতা কাটানোর মিশন থাকবে বাংলাদেশের সামনে। আফগানদের বিপক্ষে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে। ফলে ছন্দে ফেরার জন্য বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই সিরিজ।

অন্যদিকে এশিয়া কাপে ভালো করতে না পারায় আফগানিস্তান দল থেকে বাদ পড়েছেন নূর আহমেদ ও ফজলহক ফারুকি। হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বাধীন ওয়ানডে স্কোয়াডে তাদের দুজনের বদলি হয়েছেন বশির আহমেদ ও আবদুল্লাহ আহমদজাই। তাদের সঙ্গে আফগান একাদশে থাকবেন রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানরা। তাদের কাঁধে থাকবে আফগান ব্যাটিং লাইনআপের দায়িত্ব। বাংলাদেশের মতো আফগানিস্তানও থাকবে জয়ের আশায়।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি