এশিয়ান গেমসে ভারোত্তোলনের উদ্বোধনী দিনেই নিজেদের আধিপত্যের চূড়ান্ত জানান দিল উত্তর কোরিয়া। বুধবার নারীদের ৪৯ কেজি ওজন শ্রেণিতে একের পর এক তিনটি বিশ্বরেকর্ড চুরমার করে উত্তর কোরিয়াকে চলতি আসরের প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছেন তারকা ভারোত্তোলক রি সং গাম। একই দিনে ৫৩ কেজি বিভাগে ক্যাং হিয়ন গিয়ং স্বর্ণ জয় করায় প্রথম দিনেই জোড়া স্বর্ণের আনন্দ ভেসেছে উত্তর কোরিয়ান শিবিরে।
মাত্র ১৪০ সেন্টিমিটার (৪ ফুট ৭ ইঞ্চি) উচ্চতার এই অদম্য অ্যাথলেট এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম নারী ভারোত্তোলক হিসেবে টানা তিনটি আসরে স্বর্ণপদক জয়ের অনন্য নজির গড়লেন। এর আগে ২০১৮ সালে জাকার্তায় (৪৮ কেজি) এবং ২০২৩ সালে হাংঝৌয়ে (৪৯ কেজি) স্বর্ণ জিতেছিলেন তিনি।
রি সং গাম স্ন্যাচে ৯৪ কেজি উত্তোলন করেন। যা আগের বিশ্বরেকর্ড ৯৩ কেজির চেয়ে ১ কেজি বেশি। ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১২১ কেজি। এই সেগমেন্টে আগের বিশ্বরেকর্ডটি ছিল ১১৫ কেজি। সব মিলিয়ে রি সং গাম উত্তোলন করেন ২১৫ কেজি। যা আগের ২০৮ কেজির বিশ্বরেকর্ডের চেয়ে ৭ কেজি বেশি।
পোডিয়ামে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজার সময় আবেগাপ্লুত রি সং গামের চোখ দিয়ে গড়িয়ে পড়ে আনন্দাশ্রু। গ্যালারিতে উপস্থিত প্রচুরসংখ্যক জাপানি-উত্তর কোরীয় সমর্থক পতাকা নেড়ে পুরো ভেন্যুকে উৎসবে মুখরিত করে তোলেন। এই ইভেন্টে ভারতের মিরাবাই চানু রুপা এবং ইন্দোনেশিয়ার ডায়ানা ট্রাই উইজায়ানা ব্রোঞ্জপদক জিতে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ২৮ বছর বয়সি এই অ্যাথলেট বলেন, ‘আমার দেশের মানুষের আমার প্রতি বিপুল প্রত্যাশা ছিল। আমি চেয়েছিলাম এই ছোট দুই কাঁধে ভর দিয়ে নিজের দেশকে উঁচুতে তুলে ধরতে।’
আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন গত ১ আগস্ট থেকে নতুন ওজন শ্রেণি চালু করে পূর্বের বিশ্বরেকর্ডগুলো রিসেট করে নতুন ‘ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড’ নির্ধারণ করেছে। সেই নির্ধারিত স্ট্যান্ডার্ড অতিক্রম করেই রি সং গাম এই নতুন বিশ্বরেকর্ডগুলো নিজের নামে খোদাই করে নেন।