হোম > খেলা

ফারুক আহমেদকে হটিয়ে দিল সরকার

বিসিবিতে অন্যরকম একদিন

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন নিয়ে বিসিবি পরিচালক থেকে সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো সময় এনএসসি তাদের মনোনয়ন বাতিল করতে পারে, সেই ধারায় ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে এনএসসি। মনোনয়ন বাতিল হওয়ায় বিসিবি পরিচালক ও সভাপতির পদ হারিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফারুক আহমেদের জায়গায় কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, সেটা নিশ্চিত করেনি মন্ত্রণালয়। তবে ধারণা করা হচ্ছে, টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল এ জায়গায় স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

এর আগে গত পরশু জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বরাবর অনাস্থা জানিয়ে চিঠি দেন বিসিবির আট পরিচালক। সভাপতি ফারুক আহমেদ ছাড়া বিসিবির ৯ পরিচালকের মধ্যে ওই চিঠিতে স্বাক্ষর করেননি একমাত্র আকরাম খান। এনএসসি বরাবর দেওয়া ওই চিঠিতে ফারুক আহমেদের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করতে না পারার অভিযোগ আনেন আট পরিচালক। এ ছাড়া বিপিএলের ১১তম আসরে দুর্বার রাজশাহীকে দল দেওয়ার সিদ্ধান্ত নেওয়াসহ বিপিএলসংক্রান্ত আরো কয়েকটি অভিযোগ তোলেন তারা। এনএসসির দেওয়া বিবৃতিতে এসব অভিযোগের কথা তুলে ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের কথা জানায়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্যান্য অনেক পরিচালক দেশছাড়া হন। এরপর এনএসসির মনোনয়নে বিসিবির পরিচালক হয়ে পরিচালনা পর্ষদ কর্তৃক নির্বাচিত হয়ে সভাপতি হন ফারুক আহমেদ। গত বছরের ২১ আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব নেন তিনি। তার সঙ্গে একই দিনে এনএসসির মনোনয়ন নিয়ে বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব নেন নাজমুল আবেদিন ফাহিম। ফারুক আহমেদের বিপক্ষে এনএসসিতে দেওয়া চিঠিতে তিনিই প্রথম স্বাক্ষরকারী হিসেবে আছেন।

লম্বা সময় ধরে গুঞ্জন ছিল বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হতে পারে। এরই অংশ হিসেবে গত পরশু যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে ডেকে পাঠান। সেখানে তাকে ‘কন্টিনিউ’ করা হবে না- এমন কথা ফারুক আহমেদকে জানিয়ে দেন তিনি। তখন তিনি পদত্যাগ করবেন না- এমনটা সরাসরি জানিয়ে দেন। শেষ পর্যন্ত পদত্যাগ না করায় ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন জেগেছে কে হতে পারেন বিসিবির পরবর্তী সভাপতি? এই তালিকায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের নাম। আইসিসির গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা অস্ট্রেলিয়া প্রবাসী সাবেক এই ক্রিকেটার বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিন মাসের ছুটি নিয়ে তিনি দেশে ফিরেছেন বলে জানা গেছে। জোর গুঞ্জন তার কাঁধে উঠতে যাচ্ছে বিসিবি সভাপতির দায়িত্ব। আরো জানা গেছে, বিসিবির আসন্ন নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

তবে এখানে যদি-কিন্তুর প্রশ্ন জেগেছে। ফারুক আহমেদকে জোর করে সরিয়ে দেওয়ায় বিসিবিতে সরকারি হস্তক্ষেপের প্রশ্ন উঠতে পারে। আইসিসি তার সদস্যভুক্ত দেশগুলোর ক্রিকেট বোর্ডে রাজনৈতিক কিংবা সরকারি হস্তক্ষেপের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সাম্প্রতিক অতীতে এই ধরনের ঘটনার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। প্রায় একই ধরনের ঘটনার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশ- এমন শঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও