রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সি শিশু রামিসা হত্যার ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন দেশের ক্রিকেট অঙ্গনের তারকারা। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং সাবেক অধিনায়ক ও বিসিবি সভাপতি তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার দ্রুত ও সর্বোচ্চ বিচার দাবি করেছেন।
নিজের ফেসবুক পোস্টে মুশফিকুর রহিম লেখেন, ‘সকালের এই খবর শুনে আমি পুরোপুরি হতবাক। ছোট্ট রামিসার প্রাপ্য ছিল নিরাপত্তা, ভালোবাসা ও সুরক্ষা—এমন ভয়াবহ নিষ্ঠুরতা নয়।’
তিনি আরও লেখেন, ‘এই নিষ্পাপ শিশুর জন্য দ্রুত ও সঠিক বিচার চাই। কোনো পরিবার যেন এমন যন্ত্রণা সহ্য করতে না হয়। শিশুদের বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।’
মুশফিকের এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অসংখ্য মানুষ তার পোস্টে মন্তব্য করে বিচার দাবি জানিয়েছেন এবং ঘটনার নিন্দা জানিয়েছেন।
এদিকে সাবেক ক্রিকেটার ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালও নিজের ফেসবুক পোস্টে রামিসা হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানিয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
পল্লবীর এই হৃদয়বিদারক ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখরাও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।