বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া-ভারতের পাশাপাশি মাঠে নামবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে আফগানরা। যদিও ম্যাচটিতে রশিদ খানকে পাবে না অতিথিরা।
কোনো এক দাতব্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বক্সিং ডে টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রশিদ। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা বলেন, ‘আমি যতদূর জানি সিরিজের প্রথম টেস্টে রশিদ খেলবে না। সে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবে।’
ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫টি সাদা পোশাকের ম্যাচে অংশ নিয়েছেন রশিদ। যেখানে তার শিকার ৩৪ উইকেট। গড় ২২.৩৫। ৫ উইকেট নিয়েছেন ৪ বার। ১০ উইকেট নিয়েছেন ২ বার। এমন পারফরম্যান্সই বলে দেয়, আসন্ন ম্যাচে রশিদকে কতটা মিস করবে আফগানিস্তান।