আহমেদাবাদ টেস্টের ফলাফল কোনদিকে যাচ্ছে, সেটা দ্বিতীয় দিন শেষেই ধরে নেওয়া যায়। যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তবে আহমেদাবাদে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে ভারত। তিন সেঞ্চুরিতে ম্যাচ কব্জায় নিয়েছে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ১৬২ রানের জবাব দিতে নেমে ২ উইকেটে ১২১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করা ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৪৪৮ রান। প্রথম ইনিংসে ২৮৬ রানে এগিয়ে আছে তারা। ভারতের হয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা।
৫৩ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন রাহুল। এদিন আরও ৪৭ রান যোগ করে ব্যক্তিগত ১০০ রানে জোমেল ওয়ারিক্যানের বলে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন এই ব্যাটার। ১২৫ রানের ইনিংস খেলে আউট হন জুরেল। তার ইনিংসে ছিল ১৫ চার ও ৩ ছয়। ১০৪ রানে অপরাজিত আছেন আরেক সেঞ্চুরিয়ান জাদেজা। তার সঙ্গে ৯ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ওয়াশিংটন সুন্দর।
সেঞ্চুরির দেখা না পেলেও ব্যাট হাতে দারুণ ভরসা দিয়েছেন শুবমান গিল। তৃতীয় ব্যাটার হিসেবে প্যাভিলিয়নের পথ ধরার আগে ৫০ রান এনে দেন অধিনায়ক। ভারতের ব্যাটারদের দাপুটে দিনে বল হাতে ২ উইকেট নেন রোস্টন চেজ। ৯০ রান খরচ করেন ওয়েস্ট ইন্ডিজ দলপতি।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৪.১ ওভারে ১৬২ (গ্রিভস ৩২, হোপ ২৬, চেজ ২৪; সিরাজ ৪/৪০, বুমরা ৩/৪২)।
ভারত ১ম ইনিংস: ১২৮ ওভারে ৪৪৮/৫ (জুরেল ১২৫, জাদেজা ১০৪*, রাহুল ১০০, গিল ৫০; চেজ ২/৯০, সিলস ১/৫৩)।
* ভারত ২৮৬ রানে এগিয়ে।