চীনের তিয়ানজিনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। আজ শনিবার চীনের একটি প্রোভিন্স টিমের বিপক্ষে লড়ে ৩-৩ গোলে ড্র করেছে তারা।
আসন্ন ২০তম এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে চীনে প্রস্তুতি ম্যাচ খেলছে হকি দল। শক্তিশালী প্রোভিন্স দলের সঙ্গে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। দলের পক্ষে ম্যাচে একটি করে গোল করেন আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু এবং দ্বীন ইসলাম ইমন।
ডিফেন্স ও ফরোয়ার্ড লাইনের দারুণ মেলবন্ধনে শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচটিতে লড়াই বজায় রাখে বাংলাদেশ। চীন সফরে এমন পারফরম্যান্স এশিয়ান গেমসের মূল মঞ্চে দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।