স্প্যানিশ লা লিগায় উড়ছে রিয়াল মাদ্রিদ। একের পর এক জয় তুলে নিচ্ছে জাবি আলোনসোর দল। ধারাবাহিকতা ধরে রেখে এবার লেভেন্তেকে ৪-১ গোলে উড়িয়ে দিলো মাদ্রিদের রাজারা। দলের হয়ে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। একবার করে জালের দেখা পেলেন ভিনিসিউস জুনিয়র ও ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো।
প্রতিপক্ষের মাঠে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ২৪টি শট নেয় রিয়াল, যার ১০টি ছিল লক্ষ্যে। লেভেন্তের ১১ শটের দুটি লক্ষ্যে ছিল।
রিয়াল এগিয়ে যায় ম্যাচের ২৮তম মিনিটে। ফেদে ভালভার্দের পাস বক্সের ভেতর ডান দিকে পান ভিনিসিউস। কোনাকুনি শটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা। ৩৮তম মিনিটে ভিনির অ্যাসিস্টে ব্যবধাণ দ্বিগুণ করেন মাস্তানতুয়ানো।
দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ব্যবধান কমায় লেভেন্তে। ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে দুই গোলের লিড পুনরুদ্ধার করেন এমবাপ্পে। ৬৬তম মিনিটে জয় নিশ্চিত করে ফেলে রিয়াল। আর্দা গিলেরের পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পাশ কাটিয়ে বল জালে পাঠান বিশ্বকাপ জয়ী তারকা। লিগে এমবাপ্পের গোল হলো ৭টি।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের সবগুলোই জিতল রিয়াল। এই জয়ে শিরোপাধারী বার্সেলোনার চেয়ে আবার পাঁচ পয়েন্টে এগিয়ে গেল মাদ্রিদের দলটি। ছয় ম্যাচের সবকটি জিতে তাদের পয়েন্ট হলো ১৮। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।