হারজাস সিং রানের খাতা খোলেন ছক্কা হাঁকিয়ে। সে আবার নিজের মোকাবিলা করা ষষ্ঠ বলে। তার মানে প্রথম পাঁচ বলে রানের দেখাই পাননি। পরে যে মারকাটারি ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য!
ব্যাট হাতে ঝলক দেখিয়ে অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা হারজাস মোকাবিলা করেছেন মাত্র ১৪১ বল। আর তাতেই তার নামের পাশে যোগ হয়েছে ৩১৪ রান! ট্রিপল সেঞ্চুরির দুরন্ত এই ইনিংসটি সাজান ১২টি বাউন্ডারি আর ৩৪টি ছক্কার শটে। ওভার বাউন্ডারির অনেক গুলো বলই উড়ে গিয়ে পড়েছে মাঠের বাইরে। তার মানে হারিয়েছে সেসব বল। সেই হারানো বলগুলোর বাজার মূল্য এখন প্রায় ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
ভারতীয় বংশোদ্ভূত হারজাসের বয়স ২০ বছর। এই বয়সেই বিধ্বংসী ইনিংসটি খেলেছেন নিউ সাউথ ওয়েলস ফার্স্ট গ্রেড ক্রিকেটে। সিডনির এই টপ ওয়ানডে টুর্নামেন্টে আজ ওয়েস্টার্ন সাবার্বসের জার্সি গায়ে সিডনি ক্রিকেট ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়ে ক্রিকেট দুনিয়াকে অবাক করে দিয়েছেন।