চীনের সাংহাইতে আরচারি ওয়ার্ল্ড কাপ ২০২৬, স্টেজ-২-এ আজ দ্বিতীয় দিনে কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে এলিমিনেশন রাউন্ডে বাংলাদেশের ঐশ্বর্য রহমান ১৪৫-১৪৪ স্কোরে কাজাখস্তানের দিলমুখমেত মুসাকে হারিয়েছেন। বাংলাদেশের বন্যা আক্তার ১৪১-১৪৪ স্কোরে চাইনিজ তাইপের আই-জু হুয়াং ও তানিয়া রিমা ১৪১-১৪৭ স্কোরে আমেরিকার কাইলি গার্নির কাছে হার মেনেছেন।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ ২৩১-২২৭ স্কোরে সিঙ্গাপুরকে হারিয়েছে। পরে বাংলাদেশ ২২৯-২৩৪ স্কোরে ফ্রান্সের কাছে হেরে যায়। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ ২৩০-২২৯ স্কোরে চীনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ২২৪-২৩৪ স্কোরে আমেরিকার কাছে পরাজিত হয়।
রিকার্ভ পুরুষ একক ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৬৭ স্কোর করে ৮৯ জনের মধ্যে ২২তম, রামকৃষ্ণ সাহা ৬৬৬ স্কোর করে ২৪তম, মিশাদ প্রধান ৬৫৬ স্কোর করে ৪৬তম এবং রাকিব মিয়া ৬৪৭ স্কোর করে ৬২তম র্যাংকিং অর্জন করেন।
রিকার্ভ পুরুষ একক ইভেন্টে এলিমিনেশন রাউন্ডে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ বাই পান। রামকৃষ্ণ সাহা ৬-২ সেটে কিরগিজস্তানের উলুকবেক কুরসানালিয়েভকে এবং মিশাদ প্রধান ৭-৩ সেটে ভারতের অতনু দাসকে পরাজিত করেন এবং রাকিব মিয়া ২-৭ সেটে চীনের ইউক্সুয়ান লি-এর কাছে পরাজিত হন।
রিকার্ভ মহিলা একক ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের নাসরিন আক্তার ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৩৩ স্কোর করে ৭৪ জনের মধ্যে ৪০তম, সায়মা সালাহ উদ্দিন ৫৯৩ স্কোর করে ৬৫তম এবং সীমা আক্তার শিমু ৫৯০ স্কোর করে ৬৬তম র্যাংকিং অর্জন করেন।
রিকার্ভ মহিলা একক ইভেন্টে এলিমিনেশন রাউন্ডে বাংলাদেশের নাসরিন আক্তার ৬-৪ সেটে কাজাখস্তানের দিয়ানা তুরসুনবেককে পরাজিত করেন। সায়মা সালাহ উদ্দিন ৪-৬ সেটে স্পেনের কার্লোটা নাভাসের কাছে এবং সীমা আক্তার শিমু ১-৭ সেটে ভিয়েতনামের ফুওং থাও হোয়াংয়ের কাছে পরাজিত হন।
রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে ২১৬০ স্কোরের মধ্যে বাংলাদেশ ১৯৮৯ স্কোর করে ২০ দলের মধ্যে নবম, রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশ ১৮১৬ স্কোর করে ১৫ দলের মধ্যে ১৫তম এবং রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ১৪৪০ স্কোরের মধ্যে বাংলাদেশ (আব্দুর রহমান আলিফ ও নাসরিন আক্তার) ১৩০০ স্কোর করে ২৬ দলের মধ্যে ১৩তম হয়েছেন।