এশিয়ান গেমসে আর্চারি ভেন্যুর ঠিক পেছনেই বিশাল পাহাড়। ওকাজাকি চুয়াও সাগো পার্ক মাল্টিপারপাস স্কয়ার ভেন্যুর দুই প্রান্ত পুরো পাহাড় আর সবুজ বৃক্ষে আচ্ছাদিত। আর্চারদের স্ট্যান্ডিং পজিশন থেকে সেই পাহাড়ের পুরো অংশকে আরো নয়নাভিরাম দেখায়। বাংলাদেশের আর্চাররাও এদিন গেমসে সবুজ সম্ভাবনা তৈরি করেছিলেন। দারুণ লড়েছিলেন; বিশেষ করে কমপাউন্ড টিম ইভেন্টে জয়টা বাংলাদেশের প্রাপ্য ছিল। কর্মকর্তারা ধরেই নিয়েছিলেন জয়টা আসছেই। কিন্তু মুখের গ্রাস কেড়ে নেওয়ার ভঙ্গিতে বাংলাদেশের নিশ্চিত জয়টা নিজেদের করে নিল ইরান। শুরুতে ম্যাচ টাই হয়। সেই ম্যাচ গড়ায় শুট-অফে। সেখানেই সমান সমান হিসাব। কিন্তু ক্লোজ টু সেন্টার নিয়মের ফাঁদে পড়ে বাংলাদেশ ম্যাচ হেরে যায়। সম্ভাবনা জাগিয়েও গেমসে আর্চারির দ্বিতীয় দিনে শূন্য হাতে ফিরতে হলো বাংলাদেশ দলকে।
এদিন রিকার্ভ মেন্স টিম ইভেন্টের প্রথম রাউন্ড এলিমিনেশনে বাই পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ উন্নীত হয়। কিন্তু প্রি-কোয়ার্টারে ইরানের কাছে ৫-৪ সেটে হেরে যায়। রিকার্ভ উইমেন্স টিম ইভেন্টে কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার কাছে ৫-৩ সেটে হার মানে। রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে জয়ের হাসি হাসে বাংলাদেশ। এ ইভেন্টে থাইল্যান্ডকে হারিয়ে ৬-০ সেটে বাংলাদেশ জয় পায় এবং সম্ভাবনাও জাগায়। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসে সে সম্ভাবনার মৃত্যু হয়! কোয়ার্টারে জাপানের কাছে ৫-১ সেটের বড় ব্যবধানে হেরে বিদায় নেয় মিক্সড দল।
কমপাউন্ড মেন্স টিম ইভেন্টে ইরানের বিরুদ্ধে ২৩২-২৩২ পয়েন্ট টাই করে বাংলাদেশ দল। ম্যাচ গড়ায় শুট-অফে। এ পর্বেও উভয় দেশ ৩০ করে পয়েন্ট পায়। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশ দলের! ক্লোজ টু দ্য সেন্টারের ভিত্তিতে ইরান জয় ছিনিয়ে নেয়।
কমপাউন্ড উইমেন্স টিম ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে কাজাখস্থানের বিরুদ্ধে ২২৯-২২৮ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ হেরে যায়। দারুণ লড়াই হয় এ ইভেন্টে।
কমপাউন্ড মিক্সড টিম ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে ইরানের কাছে ১৫৮-১৫৪ পয়েন্টে বাংলাদেশ ম্যাচ হেরে যায়।
আজ এ ইভেন্টের তৃতীয় দিন বাংলাদেশ কমপাউন্ডে ম্যান ইভেন্টের এলিমেনিটারে লড়বে কাজাখস্থান ও ইরানের বিরুদ্ধে। কমপাউন্ড উইমেন্স দল ইরান ও ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। আর্চারি থেকে আজ কি কিছু নিয়ে ফিরতে পারবে বাংলাদেশ? পারবে চমক দেখাতে?