লক্ষ্য ১৭৯। এই রান তাড়ায় নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে ইংল্যান্ড। একশর আগেই পাঁচ উইকেট হারায় তারা। তাতে জয়ের সম্ভাবনা তৈরী হয় বাংলাদেশের। কিন্তু ভারতীয় আম্পায়ার গায়াত্রী ভেনুগোপালনের দুটি বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। জীবন পেয়ে ম্যাচ জিতিয়ে ওঠেন ইংলিশ ব্যাটার হিদার নাইট। ম্যাচশেষে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানান ইংলিশ ব্যাটার।
৭৮ রান তুলতেই ইংল্যান্ডের নেই ৫ উইকেট। ১০৩ রানে সেটাই ৬ উইকেট। ইংল্যান্ড তখন হারের মুখে। কিন্তু নাইটের অপরাজিত ৭৯ রানের ইনিংস শেষ পর্যন্ত হতাশ করেছে বাংলাদেশকে। দুবার জীবন পাওয়া নাইটের দৃঢ়তায় ৪ উইকেটে হারতে হয় নিগার সুলতানার দলকে।
জয়ের পর ইংলিশ কিংবদন্তি নাইট বলেছেন, ‘প্রথমে ভেবেছি, এটা আউট ছিল। ভেবেছিলাম, বলটা ওপরেই ছিল এবং ক্যাচটা ন্যায্য তাই চলে যাচ্ছিলাম। কিন্তু টিভি আম্পায়ার অন্য সিদ্ধান্ত দেন। অবশ্যই একটু তো ভাগ্যের সহায়তা পেয়েছিই।’
এদিকে ম্যাচে ১০ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেওয়া ফাহিমা মনে করেন, টিভি আম্পায়ারের এ সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। হারের পর ফাহিমা বলেছেন, ‘আমাদের জন্য সিদ্ধান্তটা হতাশার। দলের সব খেলোয়াড়ের মনে হয়েছে, এটা পরিষ্কার আউট। কিন্তু আউট দেওয়ার পর সিদ্ধান্তটি পাল্টানো হয়, যেটা হতাশার।’