হোম > খেলা

ইন্টারের চতুর্থ উৎসব নাকি পিএসজির ইতিহাস

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

স্পোর্টস ডেস্ক

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ক্লাব কেবিনেটে ঘরোয়া সব শিরোপাই আছে। প্রতিটি মৌসুমেই দাপট দেখিয়ে কেবিনেট ভারী করছে ফরাসি জায়ান্টরা। এত শিরোপার মাঝেও এক জায়গায় আক্ষেপ তাদের চিরসঙ্গী। এখনো চ্যাম্পিয়নস লিগের কোনো শিরোপা জিততে পারেনি প্যারিসের ক্লাবটি। সেই আক্ষেপ মোচনের গল্পে তাদের মুখোমুখি ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।

ইউরোপসেরার ফাইনালের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দেশের দুই ক্লাব। জার্মানির মিউনিখের আলিয়ান্স অ্যারেনায় বাংলাদেশ সময় আজ শনিবার রাত ১টায় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার।

ইউরোপসেরার এই আসরে পিএসজির ঠিক বিপরীত অবস্থা ইন্টার মিলানের। এই আসরে তিনটি শিরোপা আছে মিলানের দলটির। এর আগে ১৯৬৪ ও ১৯৬৫ সালে টানা দুবার ইউরোপিয়ান মুকুট জয় করে ইন্টার। ১৯৬৪ সালে রিয়াল মাদ্রিদকে ও পরের বছর বেনফিকাকে ফাইনালে হারায় তারা। তখন এ আসরের নাম ছিল ইউরোপিয়ান কাপ। চ্যাম্পিয়নস লিগ নামকরণ হওয়ার পর ২০১০ সালে প্রথম এই শিরোপা ঘরে তোলে সিমোন ইনজাগির দল।

এদিকে প্রায় এক দশকের বেশি সময় ধরে চ্যাম্পিয়নস লিগ ট্রফিকে পাখির চোখ করেছে পিএসজি। এজন্য টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কেনার বাজারেও নামে তারা। কিন্তু জ্লাতান ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসির মতো তারকাদের নিয়েও ভাগ্যের চাকা ঘোরাতে পারেনি দলটি। সর্বোচ্চ সাফল্য ২০১৯-২০ মৌসুমে ফাইনালে খেলা। এবার জয়ের স্বাদ পেলে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের পাশাপাশি ঐতিহাসিক ট্রেবল জয়ের মিশনও সম্পন্ন হবে।

বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকে দায়িত্ব নিয়ে যতভাবে সম্ভব পরিবর্তন এনেছেন। তিনি তারুণ্যনির্ভর দল গড়েছেন। তাতে খেলায় পরিবর্তন এসেছে ঢের। তাদের ফ্রি ফ্লোয়িং ও হাই প্রেসিং ফুটবল মুগ্ধ করছে দর্শকদের। আসরের নক আউট পর্বের ম্যাচেই দেখা গেছে ঝলক। তাতে ইন্টারের গতিময় ফুটবলের সঙ্গে পিএসজির ছন্দময় ফুটবলের লড়াইটাও হবে আকর্ষণীয়।

এদিকে, চলতি মৌসুমে লিগ শিরোপা জয়ের খুব কাছে গিয়েও হতাশায় পুড়তে হয় ইন্টারকে। মৌসুমের শেষ দিনে লিগ শিরোপা হারায় নাপোলির কাছে। এবার চ্যাম্পিয়নস লিগ জিতে সেই ক্ষতি পুষিয়ে নিতে চাইবে নেরাজ্জুরিরা। ইউরোপসেরার মঞ্চে সবশেষ তিন মৌসুমের রেকর্ড তাদের পক্ষে। সর্বশেষ তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলছে দলটি।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের দিকে তাকালে পিএসজিকেই এগিয়ে রাখতে হয়। সব মিলিয়ে মোটে পাঁচবার মুখোমুখি হয়েছিল ইন্টার ও পিএসজি। আন্তর্জাতিক ক্লাব প্রীতি ম্যাচে চারবার ও চ্যাম্পিয়নস কাপে একবার। তাতে পিএসজির তিন জয়ের বিপরীতে কেবল এক ম্যাচ জিততে পেরেছে ইন্টার, বাকি ম্যাচটি নিষ্পত্তি হয়েছে সমতায়। সবশেষ দেখায় দুই বছর আগে অবশ্য জিতেছে ইন্টারই। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পিএসজিকে তারা হারিয়েছে ২-১ ব্যবধানে। চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল।

ফাইনালের মঞ্চে দুই দলই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে। পিএসজি তাদের ফুল ফিট স্কোয়াড পাচ্ছে ফাইনালে। এমনটাই জানালেন কোচ এনরিকে। তবে ইন্টার মিলানের কয়েকজনের ইনজুরি রয়েছে। ইয়ান বিসেক, বেঞ্জামিন পাভার্ড, পিওটর জিলিনস্কির সঙ্গে দলনেতা লাউতারো মার্টিনেজও হালকা ইনজুরিতে ভুগছেন। কোচ ইনজাগি অবশ্য ফাইনালের মঞ্চে সবাইকে সুস্থ পাবেন বলে আশা রাখছেন।

পিএসজির কোচ লুইস এনরিকের নজর ইতিহাসের দিকে। ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না, ‘আমরা সবাই ইতিহাস গড়তে চাই এবং পিএসজির হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। প্রথমবার ট্রফি জেতা সবসময় কঠিন। কিন্তু এটাই আমাকে উজ্জীবিত করছে। আমি মনে করি আমরা যা অর্জন করেছি. তা নিয়ে গর্ব করা যায়; কিন্তু আমাদের কাজটা শেষ করতে হবে। কারণ, আমাদের লক্ষ্য হলো ইতিহাসে নাম লেখানো।’

ইন্টার কোচ ইনজাগি কেবল সামনেই তাকাতে চান। তার ভাষ্য, ‘এটা একটা কঠিন লড়াইয়ের মঞ্চ। কিন্তু আমরা পেছনের দিকে তাকাতে চাই না। ফুটবলকে সবসময় সামনে এগিয়ে যেতে হয়। পিছলে গেলেও সামনে আগাতে হবে।’

পিএসজির লক্ষ্য প্রথমবারের মতো ইতিহাসের পাতায় নাম লেখানো। ইন্টার মিলানের চাওয়া কেবল সামনে এগিয়ে যাওয়া, নিজেদের ইতিহাস আরো সমৃদ্ধ করা। আলিয়াঞ্জ অ্যারেনায় নব্বই মিনিটের ধ্রুপদী মহাকাব্যিক লড়াই শেষে কোন দলের মহাকাব্যের অংশ হয়, সেটাই এখন দেখার।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?