বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদ লামা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান ‘কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ’-এর সাত শিক্ষার্থী এবার আন্তর্জাতিক জিমন্যাস্টিকস আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপ (এসজিপি) ২০২৬’-এ অংশ নেবেন তারা।
আগামী ১ থেকে ৮ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন চূড়ান্ত দল ঘোষণা করেছে। বুধবার (৩ জুন) ফেডারেশনের এক আনুষ্ঠানিক পত্রে সাত শিক্ষার্থীর মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশ দলের হয়ে অংশ নেওয়া জিমন্যাস্টরা হলেন— উহাই মং মার্মা, প্রেনথৈ ম্রো, মংচিং প্রু ত্রিপুরা, মেনটন টনি ম্রো, উটিংওয়াং মার্মা, রাজীব চাকমা ও ওয়ে ওয়ে সাই মার্মা।
সরই ইউনিয়নের বোধিছড়া এলাকার কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষার পাশাপাশি ক্রীড়া বিকাশেও কাজ করে আসছে। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত প্রশিক্ষণ, কঠোর অনুশীলন এবং সুশৃঙ্খল ক্রীড়া পরিবেশের কারণে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে।
কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, “তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের জিমন্যাস্ট তৈরি করাই আমাদের লক্ষ্য। আমাদের শিক্ষার্থীরা দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা আশা করি, তারা সিঙ্গাপুরে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য প্রদর্শন করে দেশের জন্য সুনাম বয়ে আনবে।”
এদিকে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের এই সাফল্যের প্রশংসা করেছেন লামা উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। তিনি বলেন, “আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তুলতে তৃণমূল পর্যায়ের শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ ধারাবাহিকভাবে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করে দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক অবদান রেখে চলেছে।”
দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে উঠে এসে আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় লামা উপজেলায় আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, সিঙ্গাপুরের মঞ্চে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখে দেশের জন্য গৌরব বয়ে আনবেন এই সাত তরুণ জিমন্যাস্ট।