হোম > খেলা

বোলিংয়ে সিরাজ-বুমরাহ ঝড়, ব্যাটিংয়ে রাহুলের ঝলক

আহমেদাবাদ টেস্ট

স্পোর্টস ডেস্ক

মোহাম্মদ সিরাজের উইকেট উদযাপন

নিজেদের মাঠে লড়াই। ভারত তো ভালো খেলবেই। হলোও তাই। আহমেদাবাদে প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাটে-বলে দাপট দেখাল ভারত। মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ বোলিংয়ে ঝড় তোলায় ওয়েস্ট ইন্ডিজকে ১৬২ রানে গুটিয়ে দিয়েছে স্বাগতিকরা। দারুণ বোলিংয়ের পর ভারতের ব্যাটিংটাও হয়েছে দুর্দান্ত। ফিফটি হাঁকিয়ে এখনো ক্রিজে টিকে রয়েছেন লোকেশ রাহুল। প্রথম দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১২১ রান তুলে রানের পাহাড় গড়ার আভাস দিচ্ছে শুভমান গিলের দল। ১২ উইকেট পড়ার দিনে ভারত মাত্র ৪১ রানে পিছিয়ে।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি উইন্ডিজ। দাপুটে বোলিংয়ে ক্যারিবীয়দের ব্যাটিং লাইনআপ তছনছ করে ছাড়েন সিরাজ ও বুমরাহ। নিয়মিত বিরতি উইকেট হারাতে থাকে সফরকারীরা। উইকেট পতনের ধারাটা ছিল এমন- ১/১২, ২/২০, ৩/৩৯ ও ৪/৪২। ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে বড় স্কোরের আশা মিলিয়ে যায় দূর দিগন্তে। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩২ রান তোলেন জাস্টিন গ্রেভস। শাই হোপ ২৬ আর রোস্টন চেজের ব্যাট থেকে দলীয় স্কোরে যোগ হয় ২৪ রান। বাকি ব্যাটসম্যানরা কেউ ১৪ রানের স্কোরও পেরোতে পারেননি।

ভারতের হয়ে ক্ষুরধার বোলিংয়ে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন সিরাজ। আর ৪২ রান খরচায় থলেতে ৩ উইকেট পুরে নেন বুমরাহ।

জবাবে ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি হাঁকিয়ে এখনো ক্রিজে টিকে রয়েছেন রাহুল। ১১৪ বলে ৬ বাউন্ডারিতে ৫৩* রানের হার না মানা দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন ভারতের তারকা এ ওপেনার। ১৮ রান নিয়ে সেঞ্চুরির পথে ছোটা রাহুলকে সঙ্গ দিয়ে যাচ্ছেন ভারতের অধিনায়ক গিল। ৩৬ রান এনে দিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ১৬২/১০, ৪৪.১ ওভার (গ্রেভস ৩২, হোপ ২৬, চেজ ২৪; সিরাজ ৪/৪০, বুমরাহ ৩/৪২ ও কুলদীপ ২/২৫)।

ভারত প্রথম ইনিংস : ১২১/২, ৩৮ ওভার (রাহুল ৫৩* ব্যাটিং, জয়সওয়াল ৩৬, গিল ১৮* ব্যাটিং; সিলস ১/২১ ও চেজ ১/১৬)।

*প্রথম দিন শেষে

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি