জয়ের মধ্য দিয়ে এশিয়ান গেমসের হকি অভিযান শেষ করেছে বাংলাদেশ নারী দল। শুক্রবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে নবম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়েছে তারা। নির্ধারিত ৬০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টি শুটআউটে।
ম্যাচের ১০ মিনিটেই ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। প্রথমার্ধে সেই লিড ধরে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুর চাপ বাড়ায়। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে লিমা আক্তার সাময়িকভাবে মাঠের বাইরে গেলে ১০ জনের বাংলাদেশকে চাপে ফেলে সিঙ্গাপুর। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে তৌ লি মিন গোল করে সমতা ফেরান।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুর চাপ সামলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে এশিয়ান গেমসে নিজেদের প্রথম অংশগ্রহণেই নবম স্থান নিয়ে অভিযান শেষ করল বাংলাদেশের মেয়েরা।